Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা ধ্বংস অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এবার ধ্বংসযজ্ঞ চালাতে নতুন কৌশল ব্যবহার করছে দেশটির সেনাবাহিনী। চার পাখার ড্রোনের মাধ্যমে বিস্ফোরকভর্তি বাক্স বাড়িঘরের ছাদে বা আশপাশে ফেলে দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত প্রায় এক সপ্তাহ ধরে গাজার বিভিন্ন এলাকায় এ পদ্ধতিতে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। কয়েক কেজি বিস্ফোরকভর্তি বাক্স ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট ভবনের ছাদে কিংবা আশপাশে ফেলে দেওয়া হচ্ছে। পরে দূর থেকে বিস্ফোরণ ঘটিয়ে ভবনগুলো ধ্বংস করা হচ্ছে। এতে আশপাশের স্থাপনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গাজা সিটির পূর্বাঞ্চলের জেইতুন ও তুফফাহ এলাকা, মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাংশ এবং বুরেইজ শরণার্থীশিবিরে এসব হামলা বেশি হচ্ছে। বিশেষ করে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখার কাছাকাছি এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ফিলিস্তিনি অধিকারকর্মীদের ধারণ করা ভিডিওতেও ড্রোন থেকে বিস্ফোরকভর্তি বাক্স বাড়ির ছাদে ফেলার দৃশ্য দেখা গেছে। পরে সেগুলো বিস্ফোরিত হয়ে লক্ষ্যবস্তু ভবন ধসে পড়ছে। আশপাশের বাড়িঘরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

আবারও ঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা

ইসরাইলের এই নতুন কৌশলে গাজায় বসবাসরত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ধ্বংসের আশঙ্কায় অনেক ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত হচ্ছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাড়িঘর উড়িয়ে দেওয়ার ভয়ে গাজা সিটির পূর্বাঞ্চলের জেইতুন এলাকার কয়েক ডজন বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।

সূত্রগুলো জানায়, গত কয়েক দিনে হামলার তীব্রতা বেড়েছে। সোমবার সকালে বুরেইজ ও নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তরে সালাহউদ্দিন সড়কের ওয়াদি গাজা সেতুর কাছে ড্রোন থেকে ফেলা বিস্ফোরকভর্তি বাক্সে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়। অন্তত সাতবার বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।


আগেও একই কৌশলে ধ্বংসযজ্ঞ

গাজার বিভিন্ন এলাকায় এর আগেও একই পদ্ধতি ব্যবহার করেছে ইসরাইলি বাহিনী। স্থানীয় সূত্রগুলো জানায়, গত ১০ নভেম্বর মধ্য গাজার মাগাজি শরণার্থীশিবিরের পূর্বাঞ্চলে দুটি খালি বাড়ি বিস্ফোরকভর্তি বাক্স ব্যবহার করে উড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পূর্বাঞ্চলে দারুস সালাম হাসপাতালের আশপাশে চার দফা বিস্ফোরণ ঘটানো হয়। গত ১৪ নভেম্বর জেইতুন এলাকার পূর্বাংশেও একই ধরনের হামলার ঘটনা ঘটে।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ বন্ধ হয়নি। যুদ্ধের সময় বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ভবনের ভেতরে ও আশপাশে বিস্ফোরক স্থাপন এবং ভারী সামরিক বুলডোজার ব্যবহার করে আবাসিক এলাকা ধ্বংস করেছে দেশটি। যুদ্ধবিরতির সময়ও এসব তৎপরতা অব্যাহত রয়েছে।

বিশেষ করে ‘ইয়েলো লাইন’ হিসেবে পরিচিত সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে বাড়িঘর ভাঙা ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে ফিলিস্তিনিদের অবশিষ্ট বসতবাড়িও হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার স্বপ্নও অনিশ্চিত হয়ে পড়ছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) যুদ্ধবিরতির প্রথম মাস নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, গাজার নির্দিষ্ট কিছু এলাকায় বেসামরিক মানুষের প্রবেশে বিধিনিষেধ অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রতিদিন বিস্ফোরক ব্যবহার করে আবাসিক ভবন ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে।

যুদ্ধবিরতি লঙ্ঘনে নিহত ১ হাজার ৬৪৭

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের বিভিন্ন লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৬৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৯৬৯ জন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের সমর্থনে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এই অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। অঞ্চলটির পুনর্গঠনে ব্যয় হতে পারে ৭ হাজার ১৪০ কোটি ডলার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

আরও পড়ুন

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’

প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ, কমান্ডার বদলাল সৌদি আরব

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ, কমান্ডার বদলাল সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম