যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিপরীতে অবাধ বাণিজ্যের ডাক শি জিনপিংয়ের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে সংরক্ষণবাদ ও একতরফা বাণিজ্যনীতির বিরোধিতা করে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শি।
তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে গড়ে ওঠা নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা দৃঢ়ভাবে সমুন্নত রাখতে হবে। অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের পাশাপাশি বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাও জরুরি।
শির এ বক্তব্য এমন সময়ে এল, যখন চীনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ ব্যবহারের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি উন্নত চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করার এ উদ্যোগ দুই দেশের মধ্যে বিদ্যমান ভঙ্গুর বাণিজ্যিক সমঝোতাকে আরও জটিল করে তুলতে পারে। এর জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ারও অঙ্গীকার করেছে বেইজিং।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ভর্তুকি ও বিভিন্ন নীতিগত সুবিধা দিয়ে নিজস্ব উৎপাদন খাতকে শক্তিশালী করছে চীন। এর ফলে দেশটির বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত এক লাখ কোটি ডলারের বেশি ছাড়িয়েছে। এতে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চীনের আধিপত্য বাড়ছে এবং অন্য দেশগুলোর শিল্প ও কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে বলে মনে করে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন।
তবে বেইজিংয়ের দাবি, বিশ্বের উন্নত অর্থনীতিগুলোর সঙ্গে ব্যবধান কমাতে তাদের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেল প্রয়োজনীয়। শি বলেন, চীন শিল্প খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং নতুন প্রযুক্তির বিকাশ ঘটাবে, যার সুফল অন্য দেশগুলোও পাবে। পাশাপাশি শুল্ক কমানো ও নিজেদের বাজার আরও উন্মুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
দ্য এশিয়া গ্রুপের ডিজিটাল প্র্যাকটিস বিভাগের প্রধান জর্জ চেন মনে করেন, শির এ বক্তব্য গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে। একই সঙ্গে প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির বিপরীতে চীনের অবস্থান তুলে ধরার প্রচেষ্টাও এতে স্পষ্ট হয়েছে।
শি-ট্রাম্প-পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক
এপেক সম্মেলনকে ঘিরে এবার আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইরান ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্র নিয়েও তাঁদের আলোচনার সম্ভাবনা রয়েছে। বুধবার রাতেই চীনে পৌঁছেছেন পুতিন। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্পেরও বুধবার চীনে পৌঁছানোর কথা।
বৈঠকটিকে ঘিরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও সামনে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠকে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং প্রভাববলয় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পেয়েছিল।
তবে এবারও বড় শক্তিগুলোর মধ্যে কোনো সমঝোতা হলে ইউরোপ ও এশিয়ার অপেক্ষাকৃত ছোট দেশগুলোর নিরাপত্তা স্বার্থ উপেক্ষিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। মঙ্গলবার তাইওয়ান ও জাপান নিজেদের আকাশসীমায় রুশ সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে।

