|
ফলো করুন |
|
|---|---|
চীনে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশে চীনের দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ জানুয়ারি ২০২৭।
এটি পূর্ণ অর্থায়নের বৃত্তি। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের আবাসনে বিনা মূল্যে থাকার ব্যবস্থা, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়, বিষয় এবং পাঠদানের ভাষা অনুযায়ী শর্ত ভিন্ন হতে পারে।
আবেদনকারীদের ভালো শিক্ষাগত ফলাফল ও প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকতে হবে। স্নাতকে বয়স সাধারণত ২৫ বছরের নিচে, স্নাতকোত্তরে ৩৫ বছরের নিচে এবং পিএইচডিতে ৪০ বছরের নিচে হতে হবে। সাধারণ স্কলার কর্মসূচিতে বয়সসীমা ৪৫ এবং সিনিয়র স্কলার কর্মসূচিতে ৫০ বছর।
স্নাতক আবেদনকারীদের বৈধ চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (সিএসসিএ) ফল জমা দিতে হবে। চীনা ভাষায় পরিচালিত কিছু কর্মসূচিতে এইচএসকে পরীক্ষার নির্ধারিত স্তর এবং ইংরেজি মাধ্যমে পড়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ভেদে ভাষাগত দক্ষতার প্রমাণ প্রয়োজন হতে পারে।
আবেদন করতে সরকারি পোর্টালে নিবন্ধন করে ‘Type A’ নির্বাচন এবং এজেন্সি নম্বর ‘0501’ দিতে হবে। এরপর পাসপোর্টের তথ্যপাতা, শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, ভাষাগত যোগ্যতার প্রমাণ, অধ্যয়ন বা গবেষণা পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্ভর্তির নথি জমা দিতে হবে। স্নাতকোত্তর, পিএইচডি ও সিনিয়র স্কলার আবেদনকারীদের দুটি সুপারিশপত্রও প্রয়োজন। ছয় মাসের বেশি সময় চীনে থাকার ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে।
আবেদনকারীদের আগেই পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত, বিষয় ও পাঠদানের ভাষা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। জমা দেওয়ার আগে সব তথ্য ও নথি সতর্কতার সঙ্গে পরীক্ষা করতে হবে। বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে চীনা দূতাবাসের সরকারি বিজ্ঞপ্তি ও www.campuschina.org ওয়েবসাইটে। চায়না স্কলারশিপ কাউন্সিল জানিয়েছে, আবেদন গ্রহণের জন্য কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীকে অনুমোদন দেওয়া হয়নি; তাই সরকারি মাধ্যমেই আবেদন করতে হবে।
