উইকিস্কলার: বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতার নাম নিবন্ধন চলছে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘কৌতূহল থাকুক অফুরন্ত, জ্ঞান হোক বিকশিত’ এই প্রতিপাদ্য সামনে রেখে দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারের নাম নিবন্ধন শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতার নিবন্ধন চলবে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিস্কলার আয়োজক কমিটি।
উইকিস্কলারের পুরো পাঠ্য তালিকা বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ দিয়ে সাজানো। প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের সরাসরি উইকিপিডিয়ায় গিয়ে পুরো নিবন্ধ পড়তে হয়। শিক্ষার্থীরা মুক্ত জ্ঞান ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই মূলত এই প্রতিযোগিতার উদ্দেশ্য।
আয়োজকেরা আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে যেন উত্তরের উৎস খুঁজে দেখতে ও তথ্য যাচাই করতে শেখে, সেটিই এই আয়োজনের অন্যতম লক্ষ্য এবং যা উইকিপিডিয়া নিবন্ধ সঠিকভাবে পাঠ করার মাধ্যমে সহজেই গড়ে উঠতে পারে।
প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সদস্য সচিব মাসুম আল হাসান রকি। এছাড়া উপস্থিত ছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রতিযোগিতার সহ-সভাপতি শাবাব মুস্তাফা ও যুগ্ম-সচিব মুহাম্মদ ইয়াহিয়া।
তিন পর্বের প্রতিযোগিতা
শিক্ষার্থীর অভিভাবক wikischolar.bd ঠিকানায় অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ করবেন। নিবন্ধন শেষে প্রত্যেক শিক্ষার্থী একটি উইকিস্কলার আইডি পাবে।
প্রথম পর্ব, অর্থাৎ অনলাইন প্রাথমিক পর্ব, অনুষ্ঠিত হবে শনিবার, ১৯ ডিসেম্বর ২০২৬। মোবাইল ফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকে অংশ নেয়া যাবে। প্রশ্ন হবে বাংলায়, জ্ঞানমূলক ও বিশ্লেষণধর্মী দুই ধরনের।
দেশের ৬৪ জেলাকে ছয়টি নদীর নামে ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলের অনলাইন পরীক্ষার মাধ্যমে নির্বাচিতরা অংশ নেবে সরাসরি অনুষ্ঠেয় আঞ্চলিক পর্বে, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি থাকবে কর্মশালা ও সচেতনতামূলক সেশন। আঞ্চলিক পর্বের সম্ভাব্য সময়সূচি: পদ্মা অঞ্চল ২ জানুয়ারি, তিস্তা অঞ্চল ৯ জানুয়ারি, কর্ণফুলী অঞ্চল ১৬ জানুয়ারি, সুরমা অঞ্চল ২৩ জানুয়ারি, রূপসা অঞ্চল ৩০ জানুয়ারি এবং যমুনা অঞ্চল ৬ ফেব্রুয়ারি ২০২৭ (সবগুলো শনিবার)।
প্রতিটি অঞ্চলের সেরা ১০ জন, মোট ৬০ জন, অংশ নেবে জাতীয় চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্ব ও জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে ঢাকায়, শনিবার, ৮ মে ২০২৭।
এবারের পাঠ্য তালিকায় রয়েছে ইতিহাস, সাহিত্য, প্রযুক্তি, পরিবেশ ও অর্থনীতি বিষয়ে বাংলা উইকিপিডিয়ার ২৫টি নিবন্ধ: প্রথম পর্বে ১০টি, আঞ্চলিক পর্বে ১২টি এবং চূড়ান্ত পর্বে ১৬টি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলা ভাষা আন্দোলন ও সুন্দরবনের পাশাপাশি তালিকায় আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, অপতথ্য ও তথ্য নিরাপত্তা। নিবন্ধন শুরুর আগে বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকেরা নিবন্ধগুলো হালনাগাদের পাশাপাশি মানোন্নয়ন করেছেন।
জাতীয় পর্বের চ্যাম্পিয়ন পাবে একটি ম্যাকবুক, প্রথম রানার-আপ একটি ল্যাপটপ এবং দ্বিতীয় রানার-আপ একটি ই-রিডার; সঙ্গে প্রত্যেকে পাবে ১০ হাজার টাকা বিকাশ। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী পাবে ৫ হাজার টাকা করে এবং ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারী পাবেন ৩ হাজার টাকা করে বিকাশ। প্রতিটি অঞ্চলের সেরা তিনজন পাবে আঞ্চলিক পুরস্কার। অনলাইন পর্বে ৪০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীরা পাবে ডিজিটাল সনদ, আর আঞ্চলিক পর্বের সব অংশগ্রহণকারী পাবে মুদ্রিত সনদ ও স্যুভেনির।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ছোটদের প্রযুক্তির সঠিক ব্যবহার দেখিয়ে দেয়া আমাদেরই দায়িত্ব। একটু হাত ধরে পথ দেখানো। সেই ভাবনা থেকেই উইকিস্কলারের শুরু। আর এই ভাবনার সঙ্গে একে একে যুক্ত হয়েছেন অনেক অসাধারণ মানুষ। অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনার সন্তান ও শিক্ষার্থীকে উইকিস্কলারে যুক্ত হতে উৎসাহ দিন।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে wikischolar.bd ওয়েবসাইট এবং facebook.com/wikischolar পাতায়।
