রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় ঢাবি সাদা দলের নিন্দা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
সোমবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা রাজধানীতে একত্রিত হয়ে রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাসভবনে এ ধরনের হামলার পরিকল্পনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।
এতে আরও বলা হয়, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় অস্থিতিশীলতা ও ভীতির পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি এ ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান নেতারা।

