Logo
Logo
×

Advertisement

রাজধানী

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে হবে

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: যুগান্তর

Advertisement

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখা, পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানো এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে জাতীয় ঐক্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন রাজনীতিবিদেরা। একই সঙ্গে রাজনৈতিক বিভাজন, বিরোধী দলের আন্দোলনের হুঁশিয়ারি, সাম্প্রতিক সংঘাত-সহিংসতা এবং ভারতের সঙ্গে পানিবণ্টন ইস্যুতে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর বোঝাপড়া জরুরি।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়’ এসব কথা বলেন তারা। সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থান ও নির্বাচনের মধ্য দিয়ে দেশে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ পুনরায় তৈরি হয়েছে। দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। ছাত্র, তরুণ, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই অধিকার ফিরে এসেছে। এখন এই অর্জন ধরে রাখতে গণঅভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বৃহত্তর বোঝাপড়া প্রয়োজন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্নে বৃহত্তর ঐক্য থাকা দরকার। অথচ বিরোধী দল এক-দুই মাস যেতে না যেতেই আরেকটি গণঅভ্যুত্থানের ডাক দিচ্ছে। সংসদে জামায়াতে ইসলামীও অনিবার্য বিপ্লবের কথা বলেছে।

এ ধরনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এতে আরও বিভক্তি, হিংসা ও ঘৃণা তৈরি হচ্ছে। এর ফলে পতিত ফ্যাসিবাদী শক্তির জন্য আবারও জমিন তৈরি হচ্ছে কি না, সেসব বিবেচনায় নিতে হবে।

সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক দলগুলোর ভূমিকার মধ্যে দ্বৈততা না রাখার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, যৌক্তিক বিষয়ে বিরোধিতা করা যেতে পারে। তবে অযৌক্তিক বিরোধিতা বিভাজন বাড়াবে। সরকার ও রাজনৈতিক দলসমূহকে সম্পৃক্ত করে নতুন বোঝাপড়া তৈরি করতে হবে। 

গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে সাম্প্রতিক সংঘাত-সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে সাইফুল হক বলেন, এসব ঘটনাকে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে হবে না। 

রাজনৈতিকভাবেও পরিস্থিতি বিবেচনা করতে হবে। ওই অঞ্চলের মানুষের সঙ্গে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়াতে হবে। সংসদের বাইরের রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনগুলোর সঙ্গেও আলোচনা করে আস্থার পরিবেশ তৈরি করা জরুরি।

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসী পথে কোনো রাজনৈতিক দলের ফিরে আসার সুযোগ নেই। রাজনৈতিকভাবে ফিরতে হলে রাজনৈতিক বক্তব্য দিতে হবে। গত আড়াই বছরে মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের কোনো ক্ষমা প্রার্থনা, অনুশোচনা কিংবা দায় স্বীকার দেখা যায়নি। বরং নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার যেমন প্রতিশোধের বিষয় নয়, তেমনি আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচারও প্রতিশোধের বিষয় নয়। এটি ন্যায়বিচার, আইনের শাসন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার প্রশ্ন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও পানির ন্যায্য হিস্যার বিষয়ে সাইফুল হক বলেন, আন্তর্জাতিক নদীর ভাটির দেশ হিসেবে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা পাওয়ার অধিকার রয়েছে। এটি ভারতের দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়। অথচ উজানে একতরফাভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে।

তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার প্রসঙ্গ সামনে আনা হলেও এখন সেই যুক্তি দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। 

সাইফুল হক বলেন, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তাহলে এখন আর মমতা কার্ড দেখানোর সুযোগ কোথায়? এখন কি শেখ হাসিনা কার্ড দেখানো হবে?

ভারতের নীতিনির্ধারকদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ভারত এখনও বাংলাদেশের প্রতি তাদের নীতির পরাজয় হিসেবে দেখছে। একদিকে বন্ধুত্বের বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ বিরোধী তৎপরতাও দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, মাওলানা ভাসানী এ দেশের মেহনতি ও খেটে খাওয়া মজলুম মানুষের কণ্ঠস্বর ছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের ঐক্য, গণতন্ত্র, ন্যায়বিচার এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই করেছেন। তার রাজনৈতিক দর্শনের মূল শিক্ষা হলো, জনগণের মধ্যে ঐক্য ছাড়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন এবং তা রক্ষা করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপিসহ ৩৯টি রাজনৈতিক দল বৃহত্তর ঐক্য গড়ে তুলেছিল। গুম, খুন, হামলা ও মামলার মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম গণঅভ্যুত্থানের জমিন তৈরি করে। ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে সেই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এখন সেই অর্জনের ভিত্তিতে গণতন্ত্র ও রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি নয়, বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার করা হয়েছিল। বর্তমান সরকারও সেই ধারায় কাজ করার চেষ্টা করছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশ কারও পদানত হবে না। 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। আর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, সেগুলোর সমাধান জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। কেউ কারও ওপর নিজের মত চাপিয়ে দিতে পারেন না।

অর্থনৈতিক পরিস্থিতি ও শ্রমজীবী মানুষের দুর্ভোগের প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদ একপ্রকার ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি রেখে গেছে। এর সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় বাড়ছে। গত আট-নয় মাসে শুধু জ্বালানির দাম বৃদ্ধির কারণে চার বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত ব্যয় হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ই-হেলথ কর্মসূচি হাতে নিয়েছে।

শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন এবং ডিসেম্বরের মধ্যে মজুরি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শ্রমিক-অধ্যুষিত এলাকায় ছয়টি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সন্তানদের শিক্ষার জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া নেওয়া হচ্ছে।

তবে দেশের খেটে খাওয়া মানুষের সব সমস্যার সমাধান হয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা, এই তিনটি বিষয় নিশ্চিত হলেই বাংলাদেশের প্রকৃত মুক্তি সম্ভব।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তি ও গুপ্ত তৎপরতা চালানো ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। গত দুই সপ্তাহে ২১ জেলায় তাণ্ডব চালানো হয়েছে। যারা দেশের বাইরে বসে অস্থিতিশীলতা তৈরির নির্দেশ দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে বিভিন্ন দলের মধ্যে ভাঙন তৈরির চেষ্টা চলছে। এভাবে কোনো রাজনৈতিক দলকে বিভক্ত করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। মাওলানা ভাসানীকে নিয়ে কটূক্তি করা কোনো ব্যক্তির জায়গা আমাদের দলে হবে না। 

আলোচনা সভায় মাওলানা ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী এবং ১২ ডিসেম্বর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে মাওলানা ভাসানীর স্বপ্নের ইসলামী বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ মাওলানা ভাসানীর রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার রাজনীতিতেও মাওলানা ভাসানী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তার কর্মপরিধি ও অবদান বিস্তৃতভাবে তুলে ধরা কঠিন। তার রেখে যাওয়া কাজগুলো আদর্শ হিসেবে ধারণ করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লির পদতলে আত্মসমর্পণ করেও পানির ন্যায্য হিস্যা মেলেনি: রিজভী

দিল্লির পদতলে আত্মসমর্পণ করেও পানির ন্যায্য হিস্যা মেলেনি: রিজভী

ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে: রিজভী

ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে: রিজভী

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

আরও পড়ুন

ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদ্রাসায় অনুদান দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবের

ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদ্রাসায় অনুদান দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবের

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে হবে

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে হবে

পুনরুদ্ধার হচ্ছে ডিএসসিসির অন্তর্ভুক্ত ২২টি খাল: ডিএসসিসি প্রশাসক

পুনরুদ্ধার হচ্ছে ডিএসসিসির অন্তর্ভুক্ত ২২টি খাল: ডিএসসিসি প্রশাসক

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম