জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৩ কর্মকর্তা-কর্মচারী আটক
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা-কর্মচারী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন কর্মকর্তা-কর্মচারীকে আটক করে প্রক্টর অফিসে তুলে দিয়েছে শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ-পরিচালক হিমাদ্রি শেখর মন্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ জুনায়েদ হোসাইন।
আজ (সোমবার) বাংলা বিভাগের চেয়ারম্যানের কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার অভিযোগে কক্ষটি ঘেরাও করেন নেতাকর্মীরা। এ ছাড়া আটক ব্যক্তিদের বিভিন্ন বিভাগ থেকে মারধর করতে করতে প্রক্টর অফিসে নিয়ে যেতে দেখা যায়।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পরও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করছেন—এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তি। এতদিনেও নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছেন তারা।
ছাত্রদল নেতারা বলছেন, বিগত সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন ব্যক্তিরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নাসির আহমেদ বলেন, বেশ কিছু অভিযোগ আমাদের কাছে রয়েছে। যারা ক্যাম্পাসে এ ধরনের নাশকতা বা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট তৎপরতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা ইতোমধ্যে পুলিশ-প্রশাসনকে জানিয়েছি। তারা প্রমাণের ভিত্তিতে তদন্ত করবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ জন্য সংগঠনটির সক্রিয় নেতাকর্মী এবং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তালিকাও প্রশাসনের কাছে জমা দেওয়া হচ্ছে।
সার্বিক বিষয়ে জবি ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত হয়েছে। জবি প্রশাসনে এখনো তারা সক্রিয় রয়েছে। তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ নেই। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ক্রিয়াশীল সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি।

-6afacb7f2867d.jpg)