Logo
Logo
×

Advertisement

অন্যান্য

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী

এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াং এবং কাং ওয়েই ও তার স্ত্রী অ্যালিস হুয়াং। ছবি: সংগৃহীত

Advertisement

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের প্রেমের সম্পর্কের সূত্রপাত হয়েছিল এক চীনা ব্যবসায়ীর মাধ্যমে। মজার বিষয় হলো, ওই ব্যবসায়ী কাং ওয়েই ছিলেন অ্যালিসের স্বামী।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লিংলিং ওয়েইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তার এক দশকের পরিচিত চীনা ব্যবসায়ী কাং ওয়েই। অথচ সেই অ্যালিস হুয়াংয়ের সঙ্গেই পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কে জড়ান এনভিডিয়ার সিইও।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দম্পতির সঙ্গে পরিচিত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর ধরে স্ত্রীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের প্রেমের সম্পর্ক মেনে নিয়েছিলেন কাং ওয়েই। এমনকি পরিচিতদের কাছে স্ত্রীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠতার বিষয়েও খোলামেলা কথা বলতেন তিনি।

কখনো কখনো অর্ধেক রসিকতার ছলে পরিচিতদের বলতেন, অ্যালিস হুয়াং জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।

চীনের পাশাপাশি সিঙ্গাপুর, তাইওয়ানসহ বিভিন্ন দেশে একাধিক ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে ব্যক্তিগত যোগাযোগকে কাজে লাগিয়েছিলেন কাং ও অ্যালিস। গত এক দশকে তারা ভিডিও গেম কোম্পানি, ওষুধশিল্পের মালিকানা অধিগ্রহণ এবং ক্লাউড কম্পিউটিং খাতে একের পর এক লাভজনক ব্যবসায় যুক্ত হন। এসব ব্যবসায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মালিকানা হস্তান্তর এবং একে অপরের সঙ্গে সম্পর্কিত কোম্পানির নেটওয়ার্ক গড়ে তোলেন তারা।

এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ ছিল তাদের সর্বশেষ ব্যবসায়িক আগ্রহের ক্ষেত্র। তবে বিভিন্ন সময়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তাদের বিরোধেও জড়াতে হয়েছে।


একাধিক দেশে তদন্ত

জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর কাং ও অ্যালিসের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, এনভিডিয়া প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগাতে চীনের গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিসকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তবে বেইজিং এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের কর্মকর্তারা মেগাস্পিড নামের একটি ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখছেন। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে এনভিডিয়ার কয়েক বিলিয়ন ডলারের এআই চিপ চীনে পাঠানোর অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৩ সালে এনভিডিয়ার ক্লাউড পার্টনার হয়েছিল। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবাকে প্রধান গ্রাহক হিসেবে ব্যবহার করে চিপ সংগ্রহের সুযোগ তৈরি করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মেগাস্পিড দাবি করেছে, তারা রপ্তানিসংক্রান্ত আইন মেনেই ব্যবসা পরিচালনা করেছে।

তাইওয়ানের কর্তৃপক্ষ ইতোমধ্যে অ্যালিস হুয়াংয়ের প্রবেশ অনুমতি বাতিল করেছে। একই সঙ্গে দ্বীপটিতে তার সফরের উদ্দেশ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ ছিল কি না, কিংবা তিনি দেশটির অনুপ্রবেশবিরোধী আইন লঙ্ঘন করেছেন কি না, তা তদন্ত করছে।

এ ছাড়া ২০২৫ সালের গ্রীষ্মে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ অ্যালিসকে আটক করেছিল। পরে দেশটি ছাড়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাকে সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট অপরাধে তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে কাং ওয়েইকেও চলতি বছরের শুরুতে সাংহাইয়ে শেয়ারবাজারে কারসাজির অভিযোগের তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জেনসেন হুয়াংকে কেন্দ্র করে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, চীনা গুপ্তচরবৃত্তির যে বয়ান তৈরি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন অনুমান। এটি চীনকে অপবাদ দেওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

বাহরাইনে হামলার কারণ জানাল ইরান

বাহরাইনে হামলার কারণ জানাল ইরান

‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে...’

‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে...’

বাইডেনের সঙ্গে সারাদিন গলফ খেলতেন ট্রাম্প, যদি...

বাইডেনের সঙ্গে সারাদিন গলফ খেলতেন ট্রাম্প, যদি...

মার্কিন অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ মুসলিম তরুণীর

মার্কিন অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ মুসলিম তরুণীর

আরও পড়ুন

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী

রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা

রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল ঢাকার জার্মান দূতাবাস

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল ঢাকার জার্মান দূতাবাস

৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, ৫ বছরে সাত মহাদেশ ভ্রমণ

৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, ৫ বছরে সাত মহাদেশ ভ্রমণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম