মার্কিন অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ মুসলিম তরুণীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন ২১ বছর বয়সী এক লেবানিজ নারী। অভিযোগ, গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং স্বামীকে কারাগারে পাঠানো ও দেশ থেকে বহিষ্কারের ভয় দেখিয়ে তার ওপর যৌন নির্যাতন চালান দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) এক কর্মকর্তা।
ভুক্তভোগী নারী রাহাফ আলি আলমেরহিজ। তিনি লুসি ওয়াইজ নামেও পরিচিত। তার অভিযোগ, টেক্সাসের এল ভ্যালে ডিটেনশন ফ্যাসিলিটিতে দায়িত্ব পালনকালে আইসিই কর্মকর্তা মার্কেল ওয়ালেস তাকে একটি নির্জন কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।
নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে আলমেরহিজ জানান, ওই কর্মকর্তা তাকে বলেছিলেন, তিনি চাইলে তাকে গ্রিন কার্ড পাইয়ে দিতে পারেন। এ সময় তার স্বামীকে নিয়েও কটূক্তি করেন ওয়ালেস। বলেন, ‘তোমার স্বামী একজন বয়স্ক মানুষ। সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না।’
আলমেরহিজের ভাষ্য, কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করেন, তার অভিবাসনসংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষমতা একমাত্র তার হাতেই রয়েছে। এমনকি তার মুক্তি ও ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বলে ইঙ্গিত দেন।
২০২৪ সালের আগস্টে কানাডার মন্ট্রিল থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রিও গ্র্যান্ডে ভ্যালি এলাকা থেকে গ্রেফতার হন আলমেরহিজ। পরে তার অভিবাসন মামলার আইনজীবী সরে দাঁড়ালে তিনি আইনি সহায়তাহীন হয়ে পড়েন। এর কয়েক মাস পর, ২০২৬ সালের এপ্রিলে কথিত নিপীড়নের ঘটনা ঘটে।
আলমেরহিজ জানান, অন্য তদন্ত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের আগে তার মামলা নিয়ে কথা বলার অজুহাতে ওয়ালেস তাকে ডেকে পাঠান। পরে এল ভ্যালে আটককেন্দ্রের ভেতরে একটি ছোট ও নির্জন কক্ষে নিয়ে যান। সেখানে দুজন ছাড়া আর কেউ ছিলেন না।
ডিএইচএসের কাছে দেওয়া হলফনামায় আলমেরহিজ অভিযোগ করেন, ওই কর্মকর্তা তার সম্মতি ছাড়াই তার শরীরে হাত দেন এবং যৌন নিপীড়ন চালান। একপর্যায়ে তিনি তাকে থামতে বলেন। কিন্তু নিজের অসহায়ত্বের কারণে সেখান থেকে বেরিয়ে আসার সাহস পাননি।
তার দাবি, ‘আমি কোনো কিছুতেই সম্মতি দিইনি। আমি তাকে থামতে বলেছিলাম।’
আলমেরহিজ আরও বলেন, তিনি তখন একজন আটক ব্যক্তি আর ওয়ালেস ছিলেন তার মামলার দায়িত্বে থাকা কর্মকর্তা। তার মুক্তি, অভিবাসনসংক্রান্ত সিদ্ধান্ত এমনকি চিকিৎসাসেবার ওপরও ওই কর্মকর্তার প্রভাব ছিল। ফলে তার কথার অবাধ্য হওয়া কিংবা কক্ষ থেকে বেরিয়ে আসার মতো পরিস্থিতি তার ছিল না।
অভিযোগ অনুযায়ী, ওয়ালেস তাকে নিজের ফোন নম্বরও দেন। এমনকি তিনি রাজি হলে মেক্সিকোতে তার সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তাব দেন।
ঘটনার পর নিজের জীবনের বিপর্যয়ের কথা তুলে ধরে আলমেরহিজ বলেন, ‘আমার মনে হয়, আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেছে।’
আলমেরহিজের স্বামী স্যাম ওয়াইজ জানান, আটককেন্দ্র থেকে তার স্ত্রী মুক্তি পাওয়ার কয়েক মাস পর আগস্টের শেষ দিকে তিনি ঘটনাটি জানতে পারেন। স্ত্রীর এক পরিচিত ব্যক্তির কাছ থেকে প্রথমবারের মতো অভিযোগের বিষয়টি তার সামনে আসে।
স্যামের ভাষ্য, স্বামীকে হারানোর ভয়, নিজের প্রতি দোষারোপের আশঙ্কা এবং সামাজিক লজ্জার কারণে স্ত্রী এত দিন ঘটনাটি গোপন রেখেছিলেন।
নিউজউইককে তিনি বলেন, ‘আমি ভীষণভাবে ভেঙে পড়েছি এবং ক্ষুব্ধ। তাকে রক্ষা করতে পারিনি— এই অপরাধবোধ আমাকে কষ্ট দিচ্ছে। এত মাস ধরে তাকে একা একা এই যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবে লজ্জা তার নয়, বরং ওই কর্মকর্তার।’
স্ত্রীর সাহসের প্রশংসা করে স্যাম বলেন, তিনি তার পাশে আছেন এবং কখনো তাকে ছেড়ে যাবেন না।
জানা গেছে, আলমেরহিজ টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন। পাশাপাশি স্বামীর ডেন্টাল ক্লিনিকে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতেন। গত ১ মে তাকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের অনুমতি দেওয়া হয়। বর্তমানে তিনি মেক্সিকোতে বসবাস করছেন। তার স্বামী যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে টেক্সাসেই রয়েছেন।
এদিকে, আইসিইর অভিভাবক সংস্থা ডিএইচএস এ অভিযোগগুলো সরাসরি নাকচ করেছে। নিউজউইককে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র বলেন, এল ভ্যালে আটককেন্দ্রে অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
তবে এ ধরনের অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখা হয় জানিয়ে মুখপাত্র বলেন, কোনো অসদাচরণের ঘটনা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়।

-6af967c8675eb.jpg)