একই স্যুট, একই লাল টাই— ট্রাম্পের ফ্যাশন রহস্য কী?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বমঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি বরাবরই আলাদা। তার কথাবার্তা, অঙ্গভঙ্গি কিংবা রাজনৈতিক অবস্থানের মতো পোশাক-আশাকও প্রায়ই আলোচনার জন্ম দেয়। ঢিলেঢালা প্যান্ট, অস্বাভাবিক লম্বা টাই, কাঁধে প্যাড দেওয়া ভারী স্যুট কিংবা চকচকে কাপড়ের পোশাক, সব মিলিয়ে ট্রাম্পের ফ্যাশন যেন এক রহস্য। প্রশ্ন উঠেছে, নিজের শারীরিক গড়ন আড়াল করতে তিনি কি ইচ্ছা করেই এমন পোশাক বেছে নেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ।
পুরুষদের পোশাক বিশেষজ্ঞ ডেরেক গাই ট্রাম্পের পোশাকের নানা দিক তুলে ধরে বলেন, কাঁধে প্যাড দেওয়া কোট স্থির অবস্থায় দেখতে ভালো লাগে। কিন্তু হাঁটাচলা কিংবা বসার সময় কাঁধ সামনের দিকে ঝুঁকে গেলে এগুলো কৃত্রিম দেখাতে পারে। মাস্কের সঙ্গে সাক্ষাৎকারের সময় ট্রাম্পের ক্ষেত্রেও এমনটাই দেখা গেছে।
তবে ট্রাম্পের পোশাকের অস্বাভাবিকতা শুধু কাঁধের প্যাডেই সীমাবদ্ধ নয়। তার পোশাকের ধরন নিয়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণও সামনে এসেছে। যদিও এ বিশ্লেষণের লেখক নিজেই জানিয়েছেন, তিনি পুরুষদের পোশাকের বিশেষজ্ঞ নন, মনোবিশ্লেষকও নন। এটি মূলত ট্রাম্পের পোশাক নির্বাচনের ধরন নিয়ে তার ব্যক্তিগত পর্যবেক্ষণ।
কাঁধে অস্বাভাবিক প্যাড
ট্রাম্পের স্যুটের অন্যতম বৈশিষ্ট্য হলো অতিরিক্ত ভারী ও বড় আকারের জ্যাকেট। ধারণা করা হয়, নিজের শারীরিক গড়ন আড়াল করতেই তিনি এমন পোশাক পছন্দ করেন। তবে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎকারে তার পরা কাঁধে প্যাড দেওয়া জ্যাকেটটি পোশাকের ক্ষেত্রে এক ধরনের বৈপরীত্য তৈরি করেছে।

এ ধরনের জ্যাকেট শরীরের স্বাভাবিক আকৃতিকে আরও জটিল করে তোলে। কাঁধের কাছে কাপড় অস্বাভাবিকভাবে কুঁচকে যায়। ফলে দর্শকের মনে নানা প্রশ্ন তৈরি হয়। কাঁধের এমন আকৃতি কি তাকে শক্তিশালী দেখানোর চেষ্টা, নাকি অদ্ভুত কোনো বর্মের মতো পোশাক? লেখকের ব্যঙ্গাত্মক মন্তব্য, ট্রাম্প কি নিজেকে আইন র্যান্ডের উপন্যাসের কোনো অতিমানবীয় চরিত্র হিসেবে উপস্থাপন করতে চান?
অস্বাভাবিক লম্বা টাই
ট্রাম্পের পোশাকের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্যগুলোর একটি তার অস্বাভাবিক লম্বা টাই। সাধারণত ভারী গড়নের পুরুষদের ক্ষেত্রে খুব ছোট টাই পরাকে পোশাকের বড় ভুল হিসেবে বিবেচনা করা হয়। কারণ, ছোট টাই পেটের মাঝামাঝি এসে শেষ হলে তা শরীরের ওই অংশকে আরও বেশি চোখে পড়ার মতো করে তোলে।
সম্ভবত এ কারণেই ট্রাম্প তুলনামূলক অনেক লম্বা টাই পরেন। তার টাইয়ের সামনের অংশ কখনো কখনো বেল্টের নিচ পর্যন্ত নেমে আসে। এটি এতটাই অস্বাভাবিক যে টাই পরার প্রচলিত নিয়মও এতে ব্যাহত হয়।

সাধারণত টাইয়ের পেছনের ছোট অংশটি পেছনে থাকা একটি ফিতার মতো লুপের মধ্যে ঢুকিয়ে রাখা হয়। কিন্তু ট্রাম্পের টাই এত লম্বা হওয়ায় পেছনের অংশটি সেই লুপ পর্যন্ত পৌঁছায় না। ফলে তিনি ছোট অংশটি স্কচটেপ দিয়ে আটকে রাখেন। বিষয়টিকে লেখক বেশ অদ্ভুত বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, পৃথিবীর সব অর্থসম্পদ থাকলেও পদার্থবিজ্ঞানের নিয়ম বদলানো যায় না।
ট্রাম্পের এত লম্বা টাই পরার পেছনে লেখকের স্বামীর অবশ্য আরেকটি ব্যাখ্যা রয়েছে। তার ধারণা, টাই বেশি লম্বা রাখার মাধ্যমে ট্রাম্প হয়তো নিজের পুরুষত্বকেও বড় করে উপস্থাপনের চেষ্টা করেন। লেখক এ ব্যাখ্যা শুনে প্রথমে বুঝতেই পারেননি তার স্বামী কী বোঝাতে চাইছেন। পরে বিষয়টি বুঝে তিনি বিস্মিত হয়েছেন, সত্যিই কি পুরুষেরা পোশাকের এমন দিক নিয়ে ভাবেন?
রানির সঙ্গে সাক্ষাতে সাদা পোশাক
২০১৯ সালের জুনে যুক্তরাজ্য সফরের সময় রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে তিনি সাদা রঙের আনুষ্ঠানিক পোশাক পরেছিলেন। এ ধরনের পোশাক পরা অস্বাভাবিক ছিল না। কারণ, অনুষ্ঠানে উপস্থিত অন্যদেরও একই ধরনের পোশাকে দেখা গিয়েছিল।
তবে ট্রাম্পের পোশাকের সমস্যাটি ছিল অন্য জায়গায়। তার স্যুটের নিচে পরা ওয়েস্টকোট বা কোমরকোটটি ছিল অস্বাভাবিক লম্বা। অথচ জ্যাকেটটি রাখা হয়েছিল প্রচলিত নিয়ম অনুযায়ী ছোট। ফলে পুরো পোশাকের ভারসাম্য নষ্ট হয়ে যায়।

লেখকের পর্যবেক্ষণ, ট্রাম্পের পাশে দাঁড়িয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে বেশ বিব্রত দেখাচ্ছিল। জীবনের বেশির ভাগ সময় নিজের আবেগ ও অনুভূতি প্রকাশ না করার জন্য পরিচিত ছিলেন রানি। তবে ঘোড়দৌড়ের ঘোড়া দেখলে তাকে উচ্ছ্বসিত হতে দেখা যেত। লেখকের রসিক মন্তব্য, ট্রাম্পের পোশাকের ধরন অন্তত কিছুক্ষণের জন্য হলেও রানির সেই সংযম ভেঙে দিয়েছিল।
প্রাথমিক রঙের টাই
ট্রাম্পের পছন্দের টাইয়ের রং মূলত লাল। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে লাল রং রিপাবলিকানদের সঙ্গে যুক্ত, অন্যদিকে নীল রং ডেমোক্র্যাটদের পরিচিতি বহন করে। ফলে ট্রাম্পের লাল টাই পছন্দের রাজনৈতিক তাৎপর্যও রয়েছে।
তবে তার সংগ্রহে শুধু লাল টাই নেই। হলুদ রঙের টাইও রয়েছে। এ ছাড়া সাদা ডোরাকাটা নীল টাইও পরেন তিনি। ওই নীল টাইয়ের সাদা দাগগুলো দেখতে অনেকটা সস্তা রাস্তা তৈরির মতো মনে হয় বলে লেখক ব্যঙ্গ করেছেন।

লেখকের ধারণা, ট্রাম্প হয়তো মনে করেন পোশাকে সূক্ষ্মতা ও জটিলতা পুরুষালি বৈশিষ্ট্যের সঙ্গে যায় না। সে কারণেই তিনি সাধারণ ও চোখে পড়ার মতো রং বেছে নেন।
‘মাগা’ ক্যাপ
ট্রাম্পের রাজনৈতিক পরিচয়ের অন্যতম প্রতীক ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা লেখা ক্যাপ। তার সমর্থকদের কাছে এটি রাজনৈতিক আনুগত্যের প্রতীক। তবে লেখক এ ক্যাপের পেছনেও ভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন।
তার মতে, ট্রাম্প অনেক সময় সমর্থকদের প্রশংসা করেন। তাদের ভালো জিন, বংশগত বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্বের কথা বলেন। কিন্তু একই সঙ্গে সমর্থকদের নিয়ে তার মধ্যে এক ধরনের বিরক্তিও দেখা যায়।
২০১৫ সালে এক সমাবেশে সমর্থকদের দেখিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘এই মানুষগুলোর দিকে তাকান। বিষয়টি সত্যিই কিছুটা দুঃখজনক।’

লেখকের মতে, মাগা ক্যাপের মধ্যে এক ধরনের দ্বৈত বার্তা রয়েছে। একদিকে এটি সমর্থকদের কাছে ট্রাম্পের সঙ্গে একাত্মতার প্রতীক। অন্যদিকে টুপিটি যেন তাদের রাজনৈতিক আবেগ ও প্রত্যাশাকে উপহাস করারও একটি মাধ্যম। লেখকের ব্যাখ্যায়, ট্রাম্প নিজে সেই টুপি পরে সমর্থকদের মতো হওয়ার অভিনয় করেন, আর সমর্থকেরা তাকে নিজেদের একজন বলে ভাবেন।
তবে ট্রাম্পের নিজের নামে বাজারজাত করা ৪০০ ডলারের সোনালি জুতা তাকে কখনো পরতে দেখা যায় না বলে লেখক মন্তব্য করেছেন। অর্থাৎ নিজের প্রচারণার জন্য তৈরি পণ্য হলেও সবকিছু নিজে ব্যবহার করার ক্ষেত্রে তার কিছু সীমাবদ্ধতা রয়েছে।
গলফের পোশাকেও আলাদা ট্রাম্প
ট্রাম্পের অন্যতম প্রিয় শখ গলফ খেলা। তবে গলফের পোশাকের ক্ষেত্রেও তাকে খুব বেশি জাঁকজমকপূর্ণ সাজে দেখা যায় না। সাধারণত সাদা রঙের পোলো শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরেন তিনি। পায়ে থাকে নকশাদার একরঙা গলফ জুতা।
খেলাধুলার সময় ক্যামেরার সামনে নিজের ভালো দিকটি তুলে ধরা কঠিন। গলফ খেলার সময়ও ট্রাম্পের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একবার গলফ খেলার সময় তার পেটের অস্বাভাবিক আকৃতির একটি ছবি ছড়িয়ে পড়লে তিনি অভিযোগ করেন, বিরোধী পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ছবিতে তার পেট বড় করে দেখিয়েছে।

লেখকের মতে, ট্রাম্প গলফের পোশাকে তুলনামূলক সাধারণ থাকেন। কারণ, তিনি গলফকে নিছক অবসর বিনোদন মনে করেন না। বরং এটিকে নিজের আসল কাজের মতোই গুরুত্ব দেন। তাই এ খেলায়ও অফিসের পোশাকের মতোই পরিপাটি ও সংযত থাকতে চান।
ঢিলেঢালা ও লম্বা প্যান্ট
ট্রাম্পের প্যান্টের আরেকটি বৈশিষ্ট্য হলো এর অতিরিক্ত চওড়া ও লম্বা নকশা। তার প্যান্টে প্রচুর কাপড় ব্যবহার করা হয় বলে মনে হয়। প্যান্টের দৈর্ঘ্যও অনেক বেশি।

লেখকের ভাষায়, এ ধরনের প্যান্ট পরে ট্রাম্পকে রূপকথার কোনো চরিত্রের মতো দেখায়। যেন প্যান্টের অতিরিক্ত কাপড় ব্যবহার করে তিনি আকাশে উড়তে পারবেন কিংবা সমুদ্র পাড়ি দিতে পারবেন। অবশ্য এমন পোশাকের মাধ্যমে তিনি ঠিক কী বার্তা দিতে চান, তা নিয়ে লেখক নিজেও নিশ্চিত নন।
চকচকে স্যুটের রহস্য
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের পোশাকের ক্ষেত্রে সাধারণত গাঢ় নীল স্যুট একটি প্রচলিত রীতি। প্রায় সব প্রেসিডেন্টকেই এ ধরনের পোশাকে দেখা যায়। ট্রাম্পও সেই ধারার বাইরে নন। তবে তার স্যুটের বিশেষত্ব হলো কাপড়ের চকচকে ভাব।
লেখকের মতে, প্রেসিডেন্টদের পোশাকের এই একঘেয়েমি থেকে ভবিষ্যতে কেউ বেরিয়ে আসতে পারেন। হয়তো কোনো প্রেসিডেন্ট ধূসর রঙের স্যুট পরবেন, এমনকি হেরিংবোন নকশার পোশাকও বেছে নিতে পারেন।

কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি আলাদা। তিনি প্রেসিডেন্টের প্রচলিত পোশাকের ধরন বজায় রাখতে চান, আবার একই সঙ্গে অন্যদের চেয়ে বেশি আকর্ষণীয়, শক্তিশালী ও পুরুষালি দেখাতেও আগ্রহী। এ কারণেই তিনি গাঢ় নীল রঙের পাশাপাশি চকচকে কাপড়ের স্যুট বেছে নেন বলে লেখকের ধারণা।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
