বাহামাসে দুই মার্কিন পর্যটকের মৃত্যু, নেপথ্যে কী?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম
উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাহামাসের জনপ্রিয় পর্যটন দ্বীপ বিমিনিতে দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের একজন ৩৮ বছর বয়সী পুরুষ এবং অন্যজন ৪০ বছর বয়সী নারী। সিবিএস নিউজ জানিয়েছে, তারা সাগরের প্রবল স্রোতে ভেসে যান।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বেলা ৩টার কিছু আগে নর্থ বিমিনি দ্বীপের দক্ষিণ প্রান্তে বিমিনি হারবারের প্রবেশমুখের কাছে এ ঘটনা ঘটে। রয়্যাল বাহামাস পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি একটি দলের সঙ্গে সাগরে সাঁতার কাটছিলেন। এ সময় প্রবল স্রোতের সতর্কবার্তা দেওয়া একটি নির্দিষ্ট সীমানা অতিক্রম করার পর তাদেরসহ কয়েকজন স্রোতে ভেসে যান।
কাছাকাছি থাকা একটি ফেরি নৌযান কয়েকজন সাঁতারুকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। তবে ওই দুই মার্কিন নাগরিককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের বাঁচাতে তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়া হলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। পরে তাদের স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় তদন্ত চলছে।

