প্রমোদতরিতে ট্যাংকারের ধাক্কা, ১০ লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে নোঙর করে থাকা একটি প্রমোদতরিতে তেলের ট্যাংকারের ধাক্কায় ১০ লাখ ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ট্যাংকারটির মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বন্দরের থালিয়া স্ট্রিট টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।
‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি ট্যাংকার নোঙর করে থাকা ‘আমেরিকান হেরিটেজ’ নামের একটি প্রমোদতরিতে ধাক্কা দেয়। এতে প্রমোদতরিটি একদিকে কাত হয়ে পানিতে প্রায় ডুবে যায়।
দুর্ঘটনার সময় প্রমোদতরিটিতে আনুমানিক ১২৯ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুই নৌযানে থাকা সবাই নিরাপদে রয়েছেন। এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাতে ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান নেভ শিপিং এসএ এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান থমে শিপ ম্যানেজমেন্ট পিটিই লিমিটেডকেও বিবাদী করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, নোঙর করে থাকা প্রমোদতরিটির সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ট্যাংকারটি। এ ঘটনায় বন্দরের সম্পত্তির ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো নিরূপণ করা হয়নি।
বন্দর কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিদর্শন, মেরামতসহ সংশ্লিষ্ট ব্যয় আদায়ের জন্য ক্ষতিপূরণ চেয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ আদায়ে ট্যাংকারটি জব্দ করে বিক্রি করার আবেদনও জানিয়েছে।
এদিকে, ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ওএসএম থমে জানিয়েছে, তাদের জাহাজের সব নাবিক নিরাপদে আছেন। দুর্ঘটনার পর ট্যাংকারটিকে প্রমোদতরি থেকে আলাদা করে নিরাপদে নোঙর করা হয়েছে। প্রতিষ্ঠানটি তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে।

