সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধ, এক ঘুসিতেই প্রাণ গেল চা দোকানির
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরের কল্যাণপুরে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক চা দোকানিকে ঘুসি মারার অভিযোগ উঠেছে এক সিগারেট কোম্পানির বিক্রয়কর্মীর বিরুদ্ধে। ঘুসির আঘাতে মাটিতে পড়ে জ্ঞান হারান চা দোকানি জুয়েল (৩২)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে কল্যাণপুর নতুন বাজারে জুয়েলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার বাসিন্দা। তার বাবার নাম মন্ত্রী (ডাকনাম)।
অভিযুক্ত মো. ইব্রাহীম শেখ (২৫)। তিনি জেটিআইয়ের নেভি ও ক্যামেল ব্র্যান্ডের সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিগারেটের বকেয়া টাকা পাওনাকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে ইব্রাহীমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় ইব্রাহীমের ঘুসিতে জুয়েল মাটিতে পড়ে গিয়ে আঘাত পান এবং অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত ইব্রাহীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তিনি মিরপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী জুয়েলের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। অভিযুক্তের এক ঘুসিতেই তার মৃত্যু হয়েছে। অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

-6af878c3ce0b9.jpg)