জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর কদমতলীর জুরাইনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবারুণ গলিতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
কদমতলী থানার এসআই মিঠুন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত মিন্টু মাদারীপুরের কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।
