দেশে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বোট চালুর স্বপ্ন মাহমুদের
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
সরকারের উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতায় প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে বাজারে আনতে চান তিনি।
|
ফলো করুন |
|
|---|---|
জ্বালানি তেল ছাড়াই চলবে নৌযান। থাকবে না ইঞ্জিনের বিকট শব্দ, কালো ধোঁয়া কিংবা জ্বালানি ব্যয়। সৌরশক্তি ও ব্যাটারিচালিত এমনই একটি ইলেকট্রিক বোট তৈরি করেছেন জাহাজের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহমুদ। তার দাবি, বিশেষ প্রযুক্তির সোলার প্যানেল ও ব্যাটারির মাধ্যমে বোটটি আগামী ১০ থেকে ২০ বছর জ্বালানি খরচ ছাড়াই চালানো সম্ভব। নদ-নদী রক্ষা, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নৌপর্যটন গড়ে তোলাই তার লক্ষ্য।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর গুদারা ঘাটে বোটটির পরীক্ষামূলক চালনা করা হয়। ৩৬ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রশস্ত বোটটি তৈরি করা হয়েছে ডাবল হাল বা ক্যাটামারান নকশায়। সাধারণ বোটের তুলনায় বেশি প্রশস্ত হওয়ায় এটি অধিক স্থিতিশীল ও নিরাপদ বলে জানান উদ্যোক্তা।
আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এটি তার তৈরি দ্বিতীয় ইলেকট্রিক বোট। ২০১৯ সালে প্রথম সৌরশক্তিচালিত বোট তৈরি করেন তিনি। সেটি ২০২১ সালে কানাডার প্লাগবোটস আয়োজিত ‘গুস্তাভ ত্রুভে ইলেকট্রিক বোট অ্যাওয়ার্ডস’ বা ‘দ্য গাসিস’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাস্টমাইজড/ডিআইওয়াই ইলেকট্রিক বোট বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে। তবে সরকারি সহযোগিতা না পাওয়ায় পাঁচ থেকে সাত বছর পর প্রথম বোটটির যন্ত্রাংশ ও প্রযুক্তি রক্ষণাবেক্ষণে আর্থিক ও কারিগরি সমস্যায় পড়তে হয় তাকে।
এবার নতুন সরকারের উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতায় প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে বাজারে আনতে চান তিনি। চলতি বছরের ২১ জুন নতুন বোটটির নির্মাণকাজ শুরু করেন। জাহাজের ক্যাপ্টেন হিসেবে বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এর নকশা ও প্রযুক্তি নির্ধারণ করেন। প্রয়োজনীয় অধিকাংশ যন্ত্রাংশ চীন থেকে আমদানি করেছেন। এর মধ্যে রয়েছে বিশেষ সোলার প্যানেল, ব্যাটারি, ইলেকট্রিক মোটর, বৈদ্যুতিক তার, ফ্যান, প্রপেলার, কন্ট্রোলার, চার্জিং সিস্টেম, সুইচসহ বিভিন্ন সরঞ্জাম।
নির্মাণ ব্যয় সম্পর্কে তিনি বলেন, সাধারণ বোটের তুলনায় প্রাথমিক খরচ ১৫ থেকে ২০ শতাংশ বেশি হতে পারে। বিদেশে এ ধরনের বিলাসবহুল বোট তৈরিতে ৭ থেকে ৮ কোটি টাকা ব্যয় হলেও বাংলাদেশে দেশীয় চাহিদা অনুযায়ী এটি তৈরি করতে খরচ হবে ৪০ থেকে ৫০ লাখ টাকা। যাত্রী পরিবহনের উপযোগী করে তৈরি করলে ব্যয় আরও কমানো সম্ভব।
আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জ্বালানিচালিত নৌযানের পোড়া তেল, কালো ধোঁয়া ও ইঞ্জিনের শব্দ নদী ও পরিবেশের ক্ষতি করছে। বিশেষ করে সুন্দরবনে এসব শব্দ বাঘ, হরিণ ও পাখিসহ বন্য প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলতে পারে। ইলেকট্রিক বোটে জ্বালানি পোড়ানোর প্রয়োজন না থাকায় ধোঁয়া ও শব্দদূষণ কমবে। ফলে সুন্দরবন ও হাওরাঞ্চলে পরিবেশবান্ধব নৌপর্যটন গড়ে তোলা সম্ভব হবে।
নিজের উদ্যোগকে নতুন আবিষ্কার নয়, বরং বিদেশি প্রযুক্তির দেশীয় রূপান্তর হিসেবে দেখেন তিনি। তার লক্ষ্য, ব্যয়বহুল প্রযুক্তিকে বাংলাদেশের মানুষের সামর্থ্য অনুযায়ী সাশ্রয়ী করা। তিনি বলেন, বাংলাদেশ নদ-নদীর দেশ। নৌপথে পরিবেশবান্ধব নৌযান চালু করা গেলে যোগাযোগ ও পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
তবে এ প্রযুক্তির বিস্তারে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। নরওয়ে ও সুইডেনের মতো দেশে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে। বাংলাদেশেও নৌযান তৈরির উপকরণ আমদানি, বিনিয়োগ ও পরিচালনায় বিশেষ সুবিধা দেওয়া প্রয়োজন। নৌপরিবহণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নদ-নদী, সুন্দরবন ও হাওরাঞ্চলে এ ধরনের বোটের ব্যবহার বাড়বে। এতে জ্বালানিনির্ভরতা ও পরিবেশদূষণ কমার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব হবে।
পরীক্ষামূলক চালনায় উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ নিরাপত্তাবিষয়ক সামাজিক সংগঠন ‘আমরা দুর্বার’-এর সভাপতি এ সালাম, দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলাম, চ্যানেল আইয়ের মাল্টিমিডিয়া সাংবাদিক পান্না আক্তার, দৈনিক কালের সমাজের মাল্টিমিডিয়া সাংবাদিক ইসমাইল হোসেন, আবু আরশাদ খন্দকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিরা।

-6af7296aa542e.jpg)