Logo
Logo
×

Advertisement

রাজধানী

গুলশান লেকপার্কে সুরের মূর্ছনা: ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

গুলশান লেকপার্কে সুরের মূর্ছনা: ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’

রাজধানীর গুলশান লেকপার্কে আয়োজন করা হয় ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’ শীর্ষক সংগীতানুষ্ঠান। ছবি: যুগান্তর

Advertisement

নগরজীবনের যান্ত্রিকতা ও ব্যস্ততাকে ছাপিয়ে হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সুরের মায়াজাল ছড়ালেন দেশের দুই বরেণ্য সংগীতশিল্পী অদিতি মহসীন ও বাপ্পা মজুমদার। 

গুলশান সোসাইটির উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশান লেকপার্কে আয়োজন করা হয় ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’ শীর্ষক এই সংগীতানুষ্ঠান। 

অগ্রহায়ণের শেষভাগের মৃদু হিমেল হাওয়ায় সন্ধ্যা নামতেই লেকপার্কের সবুজ চত্বর হয়ে ওঠে প্রাণবন্ত। গুলশান এলাকার বাসিন্দা, সোসাইটির সদস্য ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রসংগীতের অমিয় ধারায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন বিশিষ্ট সংগীতশিল্পী অদিতি মহসীন। হেমন্তের প্রকৃতি, প্রেম ও মাধুর্যে ভরা একের পর এক কালজয়ী গান পরিবেশন করেন তিনি। তার কণ্ঠে ছিল ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘একটু কেবল বসতে দিও’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘ও যে মানে না মানা’ এবং ‘আমার এই পথ চলাতেই আনন্দ’সহ আরও কয়েকটি গান।

লেকের জলের মৃদু ঢেউ আর অদিতি মহসীনের স্নিগ্ধ কণ্ঠ মিলেমিশে লেকপার্কে তৈরি করে অন্যরকম এক আবহ।

রবীন্দ্রসংগীতের রেশ কাটতে না কাটতেই মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। শুরুতেই তিনি পরিবেশন করেন ‘বৃষ্টি পড়ে অঝোর ধারায়’। এরপর একে একে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে অনুষ্ঠানে যোগ করেন ভিন্নমাত্রা। 

বাপ্পা মজুমদারের কণ্ঠ ও গিটারের সুরে খোলা আকাশের নিচে তৈরি হয় অনন্য এক আবেশ। প্রিয় শিল্পীর গানের সঙ্গে গলা মেলাতে দেখা যায় উপস্থিত দর্শকদেরও।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত স্বাগত বক্তব্যে এমন আয়োজনের নেপথ্যের ভাবনা তুলে ধরেন।

তিনি বলেন, হেমন্ত আমাদের আনন্দ-উচ্ছ্বাসের ঋতু। ক্ষেতে সোনালি ধান, কৃষকের চোখে-মুখে থাকে হাসি। আর এই সবকিছুই উদযাপন করা হয়ে থাকে নানা উৎসবের মধ্য দিয়ে। এটা আমাদের সংস্কৃতি। কিন্তু আমরা এই সংস্কৃতিকে ভুলতে বসেছি। তাই আমরা এই উৎসবের আয়োজন করেছি, যাতে হেমন্তকে আমরা ভুলে না যাই।

ওমর সাদাত বলেন, ধর্মে আমরা কেউ মুসলিম, কেউ হিন্দু। কিন্তু বাংলা আমাদের ভাষা, বাঙালি আমাদের সংস্কৃতি, আমাদের জাতীয়তা। এগুলোর কোনোটাই কোনোটা থেকে আলাদা নয়।

ইট-পাথরের এই শহরে প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ঋতুভিত্তিক এমন আয়োজন নতুন প্রজন্মকে দেশের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নাগরিক জীবনের একঘেয়েমি কাটিয়ে সুস্থ বিনোদন ও পারস্পরিক মেলবন্ধনের এমন আয়োজনের জন্য উপস্থিত অতিথিরা গুলশান সোসাইটিকে সাধুবাদ জানান। সুরের মূর্ছনায় ভরা এক আনন্দঘন সন্ধ্যার স্মৃতি নিয়েই ঘরে ফেরেন নগরবাসী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গুলশান লেকপার্কে সুরের মূর্ছনা: ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’

গুলশান লেকপার্কে সুরের মূর্ছনা: ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ডিএফডি-ডিআরইউ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে জয়ী বিএসআরএম ও ক্র্যাব

ডিএফডি-ডিআরইউ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে জয়ী বিএসআরএম ও ক্র্যাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম