‘অযোধ্যায় ৪০০ বছর নামাজ পড়েছি’, অখিলেশকে আসাদউদ্দিন ওয়াইসির কটাক্ষ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির পরিদর্শনে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবের পরিকল্পনা নিয়ে কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, যে স্থানে মুসলমানরা ৪০০ বছর ধরে নামাজ আদায় করেছেন, অখিলেশ সেই স্থানেই যাচ্ছেন।
শনিবার (১৪ নভেম্বর) উত্তর প্রদেশের মিরাটে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন ওয়াইসি। এ সময় তিনি বাবরি মসজিদের প্রসঙ্গ টেনে অখিলেশের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।
আগামী ১২ ডিসেম্বর অযোধ্যার রামমন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে অখিলেশ যাদবের। ২০২৪ সালের জানুয়ারিতে মন্দিরের উদ্বোধনের পর এটিই হবে তার প্রথম সফর। ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ করা হয়। ১৯৯২ সালে বাবরি মসজিদটি ভেঙে ফেলা হয়েছিল।
ওয়াইসি বলেন, অখিলেশ যাদব এমন একটি স্থানে যাচ্ছেন, যেখানে মুসলমানরা দীর্ঘ ৪০০ বছর নামাজ আদায় করেছেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, যেসব স্থানে মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে, সেসব জায়গায় অখিলেশ কখনো গিয়েছেন কি না।
এআইএমআইএম ও চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টির (এএসপি) নতুন রাজনৈতিক জোট সামাজিক পরিবর্তন মোর্চার প্রথম জনসভায় বক্তব্য দেন ওয়াইসি। উত্তর প্রদেশের রাজনীতিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং এসপি-কংগ্রেস জোটের বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছে নতুন এই জোট। মুসলিম ও দলিত ভোটারদের সমর্থন আদায়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা।
জনসভায় এসপির জনপ্রিয় স্লোগান পিডিএ নিয়েও ব্যঙ্গ করেন ওয়াইসি। পিডিএ বলতে পিছিয়ে পড়া শ্রেণি, দলিত ও সংখ্যালঘুদের বোঝায়। তবে ওয়াইসি এর নতুন ব্যাখ্যা দিয়ে বলেন, ‘পালট দিয়া অখিলেশ’। অর্থাৎ অখিলেশকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াই হবে তাদের লক্ষ্য।
২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গার প্রসঙ্গ তুলে এসপি সরকারের সমালোচনা করেন তিনি। ওয়াইসির অভিযোগ, অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালে ওই সহিংসতায় প্রায় ৫০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। সে সময় ৪৭ জন মুসলিম বিধায়ক থাকলেও এসপি সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তিনি। পরে ত্রাণশিবিরগুলোও ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ওয়াইসি।
কংগ্রেসকেও ছাড় দেননি এআইএমআইএম প্রধান। ১৯৮৭ সালের ২২ মে মিরাটের হাসিমপুরায় ৪২ মুসলমান হত্যার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তখন ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার।
বিজেপিকে হারাতে দলিত ও মুসলমানদের একসঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অখিলেশ যাদব। তবে ওয়াইসি এ অবস্থানের বিরোধিতা করে প্রশ্ন তোলেন, ২০১৪, ২০১৭, ২০১৯ ও ২০২২ সালের নির্বাচনে এসপি কি বিজেপিকে পরাজিত করতে পেরেছিল?
তিনি বলেন, আর কোনো রাজনৈতিক দলের সামনে মাথা নত করবেন না কিংবা কারও কাছে সমর্থনের জন্য ধরনা দেবেন না। জোটের পক্ষ থেকে নাগিনা আসনের সংসদ সদস্য চন্দ্রশেখর আজাদকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও সমর্থন জানান তিনি।
চন্দ্রশেখর আজাদের সঙ্গে জোট গঠন প্রসঙ্গে ওয়াইসি বলেন, অনেকে তাকে প্রশ্ন করেন কেন তিনি আজাদের সঙ্গে হাত মিলিয়েছেন। এর জবাবে তিনি বলেন, ‘আমি শুধু হাত মেলাইনি, আমাদের হৃদয়ও এক হয়ে গেছে।’
এ ছাড়া উত্তর প্রদেশে বিদ্বেষমূলক বক্তব্য, পুলিশি অভিযান ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ধরেন ওয়াইসি। তার দাবি, দেশজুড়ে নথিভুক্ত প্রায় ৬৭০টি বিদ্বেষমূলক বক্তব্যের ৭৫ শতাংশই উত্তর প্রদেশে ঘটেছে। পুলিশি এনকাউন্টারে মুসলমানেরা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ওয়াইসি বলেন, রাজ্যে বন্দুকের শাসন নয়, আইনের শাসন চলবে এবং পুলিশের জবাবদিহি নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, ওয়াইসি ও আজাদ সম্প্রতি লখনৌতে সামাজিক পরিবর্তন মোর্চা গঠনের ঘোষণা দেন। আগামী বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে জোটটির। ২০২২ সালের নির্বাচনে এআইএমআইএম ৯৫টি এবং এএসপি প্রায় ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো দলই আসন পায়নি।

-6af964d61a05a.jpg)