ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাব দিতেই এ হামলা চালিয়েছে তেহরান।
রোববার (১৫ নভেম্বর) আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘নির্লজ্জ আগ্রাসনের’ বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত জবাবের দ্বিতীয় ধাপে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা সেপাহ নিউজে প্রকাশিত বিবৃতিতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।
আইআরজিসি আরও জানায়, দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে গত সপ্তাহে শত্রুপক্ষের বিমান হামলার জবাবে ‘মার্কিন আগ্রাসীদের’ ওপর এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ড্রোন একের পর এক ভূপাতিত করা হচ্ছে। আগের ধাপের তুলনায় এবার আরও বেশি সংখ্যক আইআরজিসির ড্রোন মার্কিন লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাচ্ছে। তাই শত্রুপক্ষের জানা উচিত, যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর ও হিসাব-নিকাশ করে।’
তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি। সূত্র: আল জাজিরা

