আল জাজিরার এক্সপ্লেইনার
ইরান যুদ্ধ কি ‘ফ্রোজেন কনফ্লিক্টে’ পরিণত হচ্ছে?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করছে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। তার দাবি, ওয়াশিংটন ইতোমধ্যে ইরানের কাছ থেকে শত শত বিলিয়ন ডলার পেয়েছে এবং হরমুজ প্রণালিও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধিতা দেখা গেছে। একদিকে তিনি যুদ্ধকে সামরিকভাবে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন, অন্যদিকে কূটনীতি ব্যর্থ হলে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তার এমন অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয় ঘটেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পরাজয়ের জন্য ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের অজনপ্রিয় যুদ্ধ এবং এর ফলে জ্বালানির মূল্যবৃদ্ধিসহ অর্থনৈতিক চাপকে দায়ী করেছেন।
এখন দুই পক্ষ কী চায়?
পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রশাসনের একাংশ ইরানের সঙ্গে সংঘাতের স্থায়ী সমাধানের পরিবর্তে বর্তমান অমীমাংসিত পরিস্থিতি বজায় রাখতে আগ্রহী। এর অর্থ হতে পারে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখা।
কিন্তু ইরান এ অবস্থান প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। ইরান আলোচনায় প্রস্তুত থাকলেও যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন তিনি। দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের বক্তব্য, আলোচনার শর্ত মেনে নেওয়া অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে।
‘ফ্রোজেন কনফ্লিক্ট’ কী?
শব্দটির কোনো সুনির্দিষ্ট আইনি সংজ্ঞা নেই। সাধারণত এমন সংঘাতকে ‘অমীমাংসিত সংঘাত’ বলা হয়, যেখানে বড় ধরনের সামরিক লড়াই বন্ধ হয়ে যায় বা উল্লেখযোগ্যভাবে কমে আসে, কিন্তু কোনো শান্তিচুক্তি বা রাজনৈতিক সমাধান হয় না। যুদ্ধের পেছনে থাকা মূল সমস্যাগুলোও অমীমাংসিত থেকে যায়।
এ অবস্থায় যুদ্ধের সম্মুখসারির অবস্থান কিংবা নিয়ন্ত্রণের ভারসাম্য কার্যত স্থায়ী রূপ নেয়। বর্তমান পরিস্থিতিতে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা এর উদাহরণ। ইরানের দাবি, অনুমোদন ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে তারা লক্ষ্যবস্তু করছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
দুই পক্ষই নিজেদের সামরিক অবস্থান ধরে রাখে। অনেক ক্ষেত্রে যুদ্ধবিরতি রেখা বা বাফার জোনের মাধ্যমে তাদের আলাদা রাখা হয়। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান না ঘটিয়েও তারা সাময়িক যুদ্ধবিরতি বা একাধিক সমঝোতায় পৌঁছাতে পারে। যেমন গত জুনে পাকিস্তানের ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কয়েক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়ে।
১৯৯০ ও ২০০০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চলের সংঘাতগুলো বোঝাতে ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বা অমীমাংসিত সংঘাত শব্দবন্ধটি ব্যাপকভাবে প্রচলিত হয়। এর মধ্যে ছিল মলদোভার ট্রান্সনিস্ট্রিয়া, জর্জিয়ার আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া এবং নাগোরনো-কারাবাখের সংঘাত।
অমীমাংসিত সংঘাত মানেই শান্তিপূর্ণ পরিস্থিতি নয়। এ ধরনের সংঘাতে ছোটখাটো সংঘর্ষ, অবরোধ, অর্থনৈতিক যুদ্ধ এবং মাঝেমধ্যে সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনা ঘটে। এর প্রধান বৈশিষ্ট্য হলো, কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে না এবং স্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় ছাড় দিতেও কোনো পক্ষ রাজি হয় না।
ইরান যুদ্ধ কি ‘ফ্রোজেন কনফ্লিক্টে’ পরিণত হতে পারে?
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনার পর জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং যুক্তরাষ্ট্রের অবরোধও সাময়িকভাবে তুলে নেওয়া হয়। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্যের কারণে অল্প সময়ের মধ্যেই যুদ্ধবিরতি ভেঙে পড়ে। ১৪ জুলাই ওয়াশিংটন আবারও নৌ অবরোধ আরোপ করে।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের ক্রিটিক্যাল সিকিউরিটি স্টাডিজের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম বলেন, ‘কূটনৈতিকভাবে আমরা ইতোমধ্যে সেই অবস্থায় পৌঁছে গেছি। জুনের সমঝোতা ভেঙে যাওয়ার পর থেকেই, অর্থাৎ জুলাই থেকে পরিস্থিতি এমন।’ তবে তিনি বলেন, হরমুজের আশপাশে যুক্তরাষ্ট্রের অবরোধ, দিনে একটির বেশি জাহাজে হামলা এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে সংঘাতকে ‘অমীমাংসিত’ বলা কিছুটা অতিরঞ্জিত।
যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে হামলা চালিয়েছে। এর মধ্যে কেশম দ্বীপে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় হামলাও রয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত’ পথে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোতে হামলা চালিয়েছে ইরান। বাণিজ্যবিষয়ক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। পরদিন কোনো জাহাজই অতিক্রম করেনি। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, তারা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিচ্ছে।
সেলুম আল জাজিরাকে বলেন, ‘যুদ্ধের ধরন বদলে গেছে। আকাশপথে হামলা থেকে এটি এখন অবরোধে পরিণত হয়েছে। আর অবরোধের অবসান ঘটে তখনই, যখন অবরুদ্ধ পক্ষটি হয় ভেঙে পড়ে, নয়তো অবরোধ ভেঙে বেরিয়ে আসে।’
যুক্তরাষ্ট্রের সামনে কী কী বিকল্প রয়েছে?
ট্রাম্পের জন্য এ মুহূর্তে যুদ্ধের বড় ধরনের বিস্তার ঘটানো রাজনৈতিকভাবে বড় ঝুঁকির বিষয়।
অক্টোবরে শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের এক জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। ইরানে সেনা পাঠানোর বিরোধিতাও জরিপগুলোতে ধারাবাহিকভাবে উঠে এসেছে।
মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটিক পার্টির কাছে হারায়। এরপর ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, যারা মনে করেন এই যুদ্ধের জন্য ‘আগামী ছয় বছরের জন্য সিনেট হারানো’ সার্থক, তাদের প্রকাশ্যে সেই যুক্তি তুলে ধরা উচিত।
সেলুম বলেন, ‘যুদ্ধের পক্ষে জনসমর্থন যেখানে মাত্র ৩১ শতাংশ এবং কংগ্রেসের নিয়ন্ত্রণও হারিয়েছে রিপাবলিকানরা, সেখানে স্থল অভিযান চালানোর পক্ষে জনসমর্থন পাওয়া প্রায় অসম্ভব।’
তবে বর্তমান শর্তে যুদ্ধের অবসান ঘটানোও যুক্তরাষ্ট্রের কাছে আকর্ষণীয় নয়।
ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের বিরোধপূর্ণ অবস্থান মেনে নেওয়ার অর্থ হবে, আট মাসের যুদ্ধের পর ট্রাম্পের হাতে দেখানোর মতো কিছুই থাকল না। বরং যুদ্ধ শুরুর আগ পর্যন্ত প্রণালিটি সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ছিল। ফলে পরিস্থিতি আগের চেয়েও খারাপ হবে বলে মনে করা হচ্ছে।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যুদ্ধ থেকে সরে আসাকে ‘পরাজয়’ বলে মনে করছেন ট্রাম্প।
এক্সেটার বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের গবেষক তালহা আবদুলরাজ্জাক বলেন, ‘মজার বিষয় হলো, স্থল অভিযান ছাড়া এমন কোনো সামরিক সমাধান নেই, যার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো সম্ভব।’ তবে ট্রাম্প স্থলবাহিনী পাঠাতে অনিচ্ছুক এবং জনগণও ‘আরেকটি ইরাক বা আফগানিস্তান’ পরিস্থিতির আশঙ্কায় সতর্ক।
এ কারণে আবদুলরাজ্জাক বলেন, ‘কোনো পক্ষই তাদের আলোচনার অবস্থান থেকে সরে আসতে রাজি না হওয়ায় এই সংঘাত দীর্ঘায়িত হবে।’
আবদুলরাজ্জাক বলেন, ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তির চেয়েও অনেক বেশি বিস্তৃত একটি চুক্তি চান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা ওই চুক্তির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)। চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমাবদ্ধতা আরোপ এবং নিয়মিত পরিদর্শনের সুযোগ দিতে সম্মত হয়েছিল ইরান।
তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। আবদুলরাজ্জাক বলেন, ‘ওই চুক্তির মতো কোনো সমঝোতা মেনে নেওয়ার রাজনৈতিক সুযোগ ট্রাম্পের নেই। অন্যদিকে ইরানিরাও তাকে সেই শর্ত দেওয়ার মতো অবস্থায় নেই।’
তার মতে, এতে ট্রাম্প ‘উভয় সংকটে’ পড়েছেন। মার্কিন প্রেসিডেন্টকে হয় নির্ণায়কভাবে যুদ্ধে জয়ের চেষ্টা করতে হবে, নয়তো অপেক্ষাকৃত কম সুবিধাজনক শর্ত মেনে নিতে হবে। অন্যথায় সংঘাত ‘অমীমাংসিত অবস্থায় থেকে যাবে এবং দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকবে’।
আবদুলরাজ্জাক আরও বলেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধের বড় ধরনের বিস্তার ঘটলে তা সম্ভবত আগামী দুই মাসের মধ্যেই ঘটবে। কারণ, এর পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যাবে।
জানুয়ারি পর্যন্ত বিদায়ী কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা সামান্য ব্যবধানে বজায় থাকবে। আবদুলরাজ্জাকের মতে, এতে ট্রাম্পের সামনে ‘সুযোগের একটি সংকীর্ণ সময়’ তৈরি হয়েছে। বিশেষ করে ডিসেম্বর পর্যন্ত ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরির নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ অবস্থান করতে পারে।
ওই সময়সীমা পার হওয়ার পর হোয়াইট হাউস ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি বজায় রাখতে চাইবে বলে মনে করেন আবদুলরাজ্জাক। তার মতে, ওয়াশিংটন মনে করে, অর্থনৈতিক চাপের বিষয়টি ইরানের চেয়ে যুক্তরাষ্ট্র অনেক বেশি সহ্য করতে পারবে। এ ধারণা সঠিক বলেও তিনি মনে করেন।
তবে দোহা ইনস্টিটিউটের সেলুম সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে অবরোধ তখনই বজায় রাখা সম্ভব, যতক্ষণ পর্যন্ত এর ব্যয় খুব বেশি না হয়।
এখন ইরানের হিসাব-নিকাশ কী?
ইরানও নিজস্ব সংকটে রয়েছে। আনুষ্ঠানিক যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং শান্তি আলোচনা শুরুর জন্য দেশটি সাতটি শর্ত দিয়েছে।
এসব শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল করা, জব্দ করা অর্থ ছাড় এবং সব ফ্রন্টে শত্রুতার অবসান। এর মধ্যে লেবাননে ইসরাইলের হামলা এবং ইয়েমেন ও ইরাকে ইরানের মিত্রদের বিরুদ্ধে চলমান শত্রুতার অবসানও রয়েছে।
গালিবাফ বলেছেন, এসব শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে। তবে যুদ্ধের আগের মতো বিনা টোলের ব্যবস্থায় প্রণালিটি ‘কখনোই ফিরে যাবে না’।
কিন্তু নৌ অবরোধ, কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ প্রয়োগের কারণে দেশটির অর্থনীতি মারাত্মক চাপে রয়েছে।
ইরানের সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, মার্চ থেকে জুনের মধ্যে দেশটির অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৮৩ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া ইরানের মুদ্রা রিয়ালের দর বারবার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
আবদুলরাজ্জাক বলেন, ‘সামরিক পদক্ষেপ ছাড়া তেহরানের প্রধান বিকল্প হলো কাতারের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ নেওয়া। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তি করতে রাজি নয়। ফলে অর্থনৈতিক চাপের কারণে দেশটির সরকারের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপ সামাল দিতে ইরান চীনের কাছে তেল বিক্রির ওপর নির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে। তবে নৌ অবরোধের কারণে সেই প্রচেষ্টাও বাধাগ্রস্ত হচ্ছে।’
সেলুম বলেন, ‘তেহরানের জন্য একমাত্র কার্যকর পদক্ষেপ হতে পারে এমন কোনো উদ্যোগ, যার দায় অস্বীকার করা সম্ভব এবং যা নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে পরিচালিত হবে।’
তিনি বলেন, ‘কাতারের প্রস্তাবিত সমাধানে অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শকদের ফিরিয়ে আনা যেতে পারে।’
তিনি আরও বলেন, এর বিকল্প হলো ‘সাদাত বিকল্প’। অর্থাৎ আলোচনায় বাধ্য করতে সীমিত পরিসরে যুদ্ধ শুরু করা। ১৯৭৩ সালে মিসরও নিজেদের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অচলাবস্থা ভাঙতে এ পথ অনুসরণ করেছিল। গালিবাফের ‘টেকসই প্রতিরোধ’ নিয়ে বক্তব্য থেকে বোঝা যায়, তেহরানের কেউ কেউ এমন পদক্ষেপের কথা ভাবছেন।
আবদুলরাজ্জাক বলেন, ‘শত্রুপক্ষেরও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা ভাঙতে ইরান একতরফাভাবে সংঘাত বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। এ ক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর জ্বালানি উৎপাদন স্থাপনাগুলোতে হামলা চালিয়ে বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে।’
তিনি আরও বলেন, এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ওপর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়বে এবং যুক্তরাষ্ট্রকে পিছু হটে ইরানের অনুকূলে চুক্তি করতে বাধ্য করা সম্ভব হতে পারে।
‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে ইতিহাস কী বলে?
অতীতের অমীমাংসিত সংঘাতগুলো থেকে দেখা যায়, এ ধরনের অচলাবস্থা কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে।
এর একটি উদাহরণ কোরীয় উপদ্বীপ। ১৯৫৩ সালের জুলাইয়ে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরীয় যুদ্ধের অবসান ঘটে। তবে এরপর আর কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। ৭০ বছরেরও বেশি সময় পরও দুই কোরিয়া কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। তাদের মধ্যে রয়েছে কঠোর নিরাপত্তাবেষ্টিত অসামরিকীকরণ অঞ্চল।
পূর্ব ইউক্রেন আরও সাম্প্রতিক এবং তুলনামূলকভাবে কম স্থিতিশীল একটি উদাহরণ। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া নিজেদের সঙ্গে যুক্ত করার পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় ইউক্রেনীয় বাহিনী ও রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই শুরু হয়। মিনস্ক চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হলেও কোনো সমাধান আসেনি। প্রায় আট বছর ধরে যুদ্ধের সম্মুখসারির অবস্থানে তেমন পরিবর্তন হয়নি। তবে গোলাবর্ষণ অব্যাহত ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করলে সেই অচলাবস্থার অবসান ঘটে।
নাগোরনো-কারাবাখ দেখিয়েছে, ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হলে কীভাবে একটি অমীমাংসিত সংঘাত আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। ১৯৯৪ সালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি প্রায় ২৫ বছর কার্যকর ছিল। এরপর শক্তিশালী হয়ে ওঠা আজারবাইজান ২০২০ সালে আবারও যুদ্ধ শুরু করে এবং ২০২৩ সালে বিতর্কিত ভূখণ্ডটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়।
তবে বিশ্লেষকদের মতে, কোরিয়া কিংবা রাশিয়া-ইউক্রেনের মতো ভূখণ্ডকেন্দ্রিক অচলাবস্থার সঙ্গে ইরান যুদ্ধের খুব বেশি মিল নেই।
সেলুম বলেন, এর তুলনামূলক কাছাকাছি উদাহরণ হলো ১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকের পরিস্থিতি। তার ভাষায়, ‘এমন একটি সরকার, যারা যুদ্ধ এবং এরপর ১২ বছরের নিষেধাজ্ঞা ও মাঝেমধ্যে হামলার পরও টিকে ছিল। এর মধ্যে চার বছর কোনো পরিদর্শক ছাড়াই কেটেছে।’
অন্যদিকে আবদুলরাজ্জাক ইরানের ইতিহাসের দিকে ইঙ্গিত করেন। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় দুই পক্ষই একে অপরের তেল রপ্তানি ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার চেষ্টা করেছিল। এর ফলে ‘ট্যাংকার যুদ্ধ’ শুরু হয়। ওই যুদ্ধের বৈশিষ্ট্য ছিল জাহাজে হামলা এবং জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া।
ইরানে অমীমাংসিত যুদ্ধ কীভাবে ভিন্ন হবে?
অধিকাংশ অমীমাংসিত সংঘাতের কেন্দ্রে থাকে বিতর্কিত ভূখণ্ড এবং নির্দিষ্ট একটি যুদ্ধসীমা। কিন্তু যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের বিস্তৃতি আন্তর্জাতিক নৌপথ, নিষেধাজ্ঞাব্যবস্থা এবং জ্বালানি বাজার পর্যন্ত ছড়িয়ে রয়েছে।
সেলুম বলেন, হরমুজ প্রণালির ক্ষেত্রে ইরাকের সঙ্গে তুলনাটি আর খাটে না। তিনি বলেন, ‘সাদ্দাম হোসেনের আমলে ইরাককে নিয়ন্ত্রণে রাখার বিষয়টি ছিল দেশটির নিজস্ব ভূখণ্ডকেন্দ্রিক। কিন্তু এই সংঘাতের কেন্দ্র এমন একটি নৌপথ, যেটি যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনে ব্যবহৃত হতো।’
এ কারণে স্থিতিশীল অচলাবস্থা বজায় রাখা আরও কঠিন। প্রতিটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি করছে। এখানে অমীমাংসিত যুদ্ধ কোরীয় উপদ্বীপের শান্ত অসামরিকীকরণ অঞ্চলের মতো না হয়ে ২০২২ সালের আগের ইউক্রেনের দনবাস অঞ্চলের পরিস্থিতির মতো হতে পারে।
আবদুলরাজ্জাক বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে অমীমাংসিত সংঘাতের অর্থনৈতিক চাপ বিশ্ব অর্থনীতি অনির্দিষ্টকাল ধরে সহ্য করতে পারবে না। বাণিজ্যের বিকল্প পথ তৈরি করতেও সময় ও অর্থের প্রয়োজন। তার মতে, দক্ষিণ ও উত্তর কোরিয়া কিংবা ইউক্রেন ও রাশিয়ার তুলনায় অর্থনৈতিকভাবে উভয় পক্ষই এখন সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে।
উপসাগরীয় দেশগুলো, জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান এবং জ্বালানি আমদানিকারকরা সবাই এই পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে। ফলে অচলাবস্থা ভাঙতে কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের যথেষ্ট আগ্রহ রয়েছে।
আপাতত ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই মনে করছে, সময় তাদের পক্ষে রয়েছে। তবে ইতিহাস বলছে, অমীমাংসিত সংঘাত প্রায়ই সেই সংঘাতকে অমীমাংসিত অবস্থায় রেখে যাওয়া নেতাদের শাসনামলকেও ছাড়িয়ে দীর্ঘস্থায়ী হয়।






