সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
সৌদির কিছু ভূখণ্ড ঐতিহাসিকভাবে দাবি করে হুথিরা। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ভূখণ্ডের কিছু অংশ দখল করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও পডকাস্টার টাকার কার্লসন। তার অভিযোগ, যুদ্ধকালীন এই গুরুত্বপূর্ণ ঘটনা মার্কিন গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে না।
গত সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সঙ্গে আলাপকালে এ দাবি করেন কার্লসন। তবে এ নিয়ে হুথি বা সৌদির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
পডকাস্টে কার্লসন বলেন, হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। সৌদি ভূখণ্ডের একটি অংশ তাদের দখলে রয়েছে। বিষয়টি মার্কিন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে কিনা, তা জানা নেই।
সৌদির মাটিতে বর্তমানে হুথি যোদ্ধাদের উপস্থিতি রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে কার্লসন বলেন, ‘হ্যাঁ, রয়েছে।’ তবে সৌদির ঠিক কোন অঞ্চল হুথিরা দখল করেছে কিংবা এ তথ্যের উৎস কী, তা জানাননি তিনি।
কার্লসনের এই বক্তব্যের আগে গত ২ নভেম্বর এক বিশেষ প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছিল, গত অক্টোবরে হুথিরা সৌদি আরবের সামরিক অবস্থানগুলোতে আন্তসীমান্ত অভিযান চালিয়েছে। পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে অবশ্য হুথিদের সৌদি ভূখণ্ড দখলে রাখার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে অবস্থিত আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর ঐতিহাসিক দাবি রয়েছে হুথিদের। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন এসব অঞ্চল সৌদির কাছে ছেড়ে দিয়েছিল।
এদিকে কার্লসন মনে করেন, ইরান ছাড়াও অন্য কোনো শক্তি হুথিদের সহায়তা করতে পারে। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।
অন্যদিকে ড্রপসাইট নিউজের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনের কয়েকটি গোষ্ঠী গোপনে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের অভিযানে সহায়তা করছে।

