সৌদি-কাতারে বোমা হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরব ও কাতারে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন।
সোমবার নিজের অনুষ্ঠানে কার্লসন বলেন, সৌদি আরব ও কাতার ওই এজেন্টদের আটক করেছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য তুলে ধরা হয়নি।
কার্লসন প্রশ্ন তোলেন, ইরানের হামলার শিকার উপসাগরীয় দেশগুলোতে ইসরাইল কেন বোমা হামলা চালাতে চাইবে? তাঁর ভাষ্য, ইরানকে আঘাত করার পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান ও কুয়েতেও অস্থিতিশীলতা তৈরি করতে চায় ইসরাইল।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের মধ্যে অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। এতে বাণিজ্যিক বিমান চলাচল ও তেল পরিবহনে বিঘ্ন ঘটে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, সাত শতাধিক ড্রোন ও শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাঁচ শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে।
সোমবার সৌদি আরবের রাস তানুরায় সৌদি আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার পর সীমিত আকারে আগুন লাগে বলে জানানো হয়। তবে সৌদি আরামকোর স্থাপনায় হামলার দায় অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, আরব দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ড্রোন হামলা চালাচ্ছে।
তেহরানের অভিযোগ, ইরানকে লক্ষ্য করে হামলার জন্য আরব দেশগুলোকে উসকে দিতেই এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর মাধ্যমে মুসলিম বিশ্বজুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেছে ইরান।

