এবার অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাবে ইউরোপের ৫ দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আশ্রয়ের আবেদন বাতিল হওয়া অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপের পাঁচটি দেশ। দেশগুলো হলো জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস। এ পরিকল্পনার আওতায় রুয়ান্ডায় একটি বিশেষ প্রত্যাবাসন কেন্দ্র গড়ে তোলা হবে। তবে এ বিষয়ে দেশগুলোর সঙ্গে রুয়ান্ডার আলোচনা এখনো চলছে।
সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক অভিবাসনবিষয়ক সম্মেলনে এ পরিকল্পনার কথা জানানো হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, অবৈধ অভিবাসনের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিকল্পনা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার সব আইনি সুযোগ শেষ হয়ে যাওয়া অভিবাসীদের রুয়ান্ডার ওই কেন্দ্রে পাঠানো হবে। সেখানে গিয়ে তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন, রুয়ান্ডায় বসবাস করতে পারবেন অথবা অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ নিতে পারবেন, যেখানে তাদের থাকার বৈধ অধিকার রয়েছে।
গত কয়েক মাস ধরে পাঁচটি দেশ এ ধরনের একটি প্রত্যাবাসন কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে কাজ করছে। ইউরোপে অনিয়মিত অভিবাসন ঠেকানো এবং অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে পরিকল্পনাটি নেওয়া হয়েছে। কয়েকটি দেশে নির্বাচন সামনে থাকায় ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা মোকাবিলায় ইউরোপের বিভিন্ন সরকারও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিচ্ছে।
তবে এ উদ্যোগের বিরোধিতা করেছে মানবাধিকার ও শরণার্থীবিষয়ক ৪৭টি সংগঠন। এক যৌথ বিবৃতিতে তারা পাঁচটি দেশকে পরিকল্পনাটি বাতিলের আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, এর ফলে আশ্রয়প্রার্থীদের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঝুঁকি বাড়বে।
সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসন ঠেকানোর লক্ষ্য অর্জনের বিনিময়ে সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি মেনে নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। আন্তর্জাতিক উদ্ধার কমিটি ও ডাচ কাউন্সিল ফর রিফিউজিসহ বিভিন্ন সংগঠন এ উদ্বেগ জানিয়েছে।
উদ্যোক্তা দেশগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত কেন্দ্রটিতে একসঙ্গে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখা হবে। তাদের দাবি, এ উদ্যোগ ইউরোপে প্রবেশের ঝুঁকিপূর্ণ যাত্রা থেকে সম্ভাব্য অভিবাসীদের নিরুৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা জানিয়েছেন, যেসব অভিবাসীর অংশীদার দেশগুলোতে থাকার আইনি অধিকার নেই, তাদের নতুন করে জীবন শুরু করার সুযোগ দিতে চায় রুয়ান্ডা। এ ব্যবস্থার জন্য রুয়ান্ডা অর্থ দাবি করছে না। তবে অভিবাসীদের স্থানান্তর এবং দেশটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিদের পুনর্বাসনের খরচ বহন করবে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলো।
এদিকে রুয়ান্ডার মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। দেশটির প্রেসিডেন্ট পল কাগামে ১৯৯৪ সালের গণহত্যার পর দেশ পুনর্গঠনে ভূমিকা রাখার জন্য প্রশংসিত হলেও তার সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমন, নজরদারি, নির্বিচার আটক ও নির্যাতনের অভিযোগ রয়েছে। প্রতিবেশী কঙ্গোতে বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, যথাযথ নজরদারির অভাবে রুয়ান্ডার এই চুক্তি মানবাধিকার লঙ্ঘনের এক অন্ধকার কেন্দ্রে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে যুক্তরাজ্যও আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নিয়েছিল। তবে ২০২৩ সালে দেশটির সুপ্রিম কোর্ট ওই পরিকল্পনাকে বেআইনি ঘোষণা করলে তা বাতিল করা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র গত বছর একটি চুক্তির আওতায় অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানো শুরু করে। ওই চুক্তিতে সর্বোচ্চ ২৫০ জনকে দেশটিতে পাঠানোর সুযোগ রয়েছে।

