৬ বছরের রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে পৌঁছালেন ১৫০০ অভিবাসী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে মাত্র এক দিনের ব্যবধানে প্রায় দেড় হাজার অভিবাসী পৌঁছেছেন, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। শনিবার (১৪ নভেম্বর) সমুদ্র থেকে ১৪টি নৌকায় থাকা মোট ১ হাজার ৪৮৮ জনকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। এর আগে এক দিনে সর্বোচ্চ অভিবাসী আসার রেকর্ড ছিল ২০২০ সালের ৭ নভেম্বর। সেদিন ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়েছিল।
স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে রোববার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা ইএফই এই তথ্য জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর উঠে এসেছে।
উদ্ধার হওয়া নৌকাগুলোর মধ্যে একটিতেই ছিলেন ২৪০ জন যাত্রী, যাদের মধ্যে ১২ জন নারী ও ৩৬টি শিশু রয়েছে। উদ্ধারকৃতদের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ছোট দ্বীপ এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিবাসীদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল, গাম্বিয়া এবং গিনি কোনাক্রির নাগরিক। শনিবার আসা নৌকাগুলোর মধ্যে ১২টিই ভিড়েছে এল হিয়েরো দ্বীপে, বাকি দুটি গ্রান ক্যানারিয়া ও তেনেরিফে পৌঁছেছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে রোববার এল হিয়েরো দ্বীপ পরিদর্শনে যাচ্ছেন স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস।
সরকারি হিসাব বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আসার হার ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল। কিন্তু গত এক মাস ধরে হঠাৎ করেই অভিবাসীদের স্রোত বেড়ে যাওয়ায় ছোট দ্বীপগুলোর আশ্রয়কেন্দ্র ও জরুরি সেবা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।
পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার এই পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট। উত্তাল সাগর আর প্রবল স্রোত উপেক্ষা করে প্রতি বছর হাজার হাজার মানুষ গাদাগাদি করে নৌকায় এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেন। সাধারণত শরৎকালে সাগর কিছুটা শান্ত থাকায় এ সময় অভিবাসীদের আসার প্রবণতা বেড়ে যায়।
সূত্র: রয়টার্স

