আলু নিয়ে যুক্তরাষ্ট্র-জাপান টানাপোড়েন, বাড়ছে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে আলু নিয়ে কয়েক দশক ধরে বিরোধ চলছে। এবার সেই বিরোধ নতুন মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্র থেকে তাজা আলু আমদানির ওপর ৭৬ বছরের পুরোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে জাপান সরকার। তবে এতে দেশটির স্থানীয় আলুচাষিরা জীবিকা হারানোর আশঙ্কা করছেন।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের তাজা আলু আমদানি নিষিদ্ধ রেখেছে জাপান। তবে ২০০৬ সালে শর্তসাপেক্ষে মার্কিন আলু আমদানির অনুমতি দেওয়া হয়। সেই আলু কেবল আলুর চিপস তৈরিতে ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে আলু সিল করা কনটেইনারে পরিবহন করতে হয় এবং উচ্চ তাপমাত্রায় রান্না করতে হয়, যাতে ক্ষতিকর পোকামাকড় ও রোগ ছড়িয়ে পড়তে না পারে।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তাজা আলু জাপানের রেস্তোরাঁ ও সুপারমার্কেটে বিক্রির সুযোগ তৈরি হবে।
জাপানের আলুচাষিদের আশঙ্কা, মার্কিন আলুর সঙ্গে ক্ষতিকর পোকামাকড় ও জীবাণু দেশটিতে প্রবেশ করতে পারে। এতে স্থানীয় আলুখেত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জাপানের হোক্কাইডো অঞ্চলের কৃষকরা এ নিয়ে উদ্বিগ্ন। দেশটির মোট আলুর প্রায় ৮০ শতাংশ উৎপাদিত হয় এই অঞ্চলে।
হোক্কাইডোর কৃষি খাতের প্রতিনিধি তোশিহিদে নুমাসাওয়া বলেছেন, তারা বারবার মার্কিন আলু আমদানির বিরোধিতা করেছেন। এতে পোকামাকড় ও রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে এবং স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।
জাপানের কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৪ সালে দেশটিতে ৩৫ লাখ টন আলু খাওয়া হয়েছে। এর মধ্যে ১২ লাখ টন তাজা আলু আমদানি করা হয়েছিল, যার বড় অংশই আলুর চিপস তৈরিতে ব্যবহৃত হয়। দেশটিতে ৯০টির বেশি জাতের আলু উৎপাদিত হয়।
জাপানের নতুন কৃষিমন্ত্রী আরাতা তাকেবে বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বৈজ্ঞানিক ও কারিগরি আলোচনা হওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রের এ বিষয়ে জোরালো প্রত্যাশা থাকলেও যথেষ্ট আলোচনা ও দুপক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতা ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।
এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে যারা আছেন, তাদের দাবি, এতে জাপানের ভোক্তারা কম দামে আলু কিনতে পারবেন। পাশাপাশি মার্কিন কৃষকরা বছরে অতিরিক্ত ১৫ কোটি ডলারের রপ্তানি আয় করতে পারবেন।
তবে হোক্কাইডোর কৃষকেরা বলছেন, ক্ষতিকর পোকামাকড় ও রোগের ঝুঁকি পুরোপুরি দূর করার ব্যবস্থা এখনো নিশ্চিত হয়নি। আলুর শিকড় ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কিছু কৃমি মাটিতে ১৫ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। ফলে একবার এসব জীবাণু ছড়িয়ে পড়লে দীর্ঘদিন আলু চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
হোক্কাইডোর আলুচাষি নাওহিরো মাকিনো বলেছেন, ক্ষতিকর পোকামাকড় একবার জমিতে ঢুকে পড়লে এক দশকের বেশি সময় আলু চাষ করা কঠিন হয়ে পড়তে পারে। তাই তিনি নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে।
সূত্র: দ্য গার্ডিয়ান

