গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ
জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর ও মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রথমে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এর কিছুক্ষণ পর শ্রমিকেরা বাঘের বাজার থেকে হোতাপাড়া হয়ে মনিপুর এলাকার দিকে চলে যান। এ সময় মহাসড়কের আশপাশে এবং মনিপুর এলাকার কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

