শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর গাজীপুরায় হোপলোন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও বড়বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। এরপর তারা টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পালটা কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশের অভিযোগ, শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ যোগ দিয়েছে। এ ঘটনার পর
হোপলোন গার্মেন্টস, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড, মাসকো কটন ও টিজে সোয়েটারসহ গাজীপুরে এলাকার আশেপাশে অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, শ্রমিকরা আমাদের উপর আক্রমণ করলে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেই। এখন টঙ্গীর পরিস্থিতি শান্ত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) বেলায়েত হোসেন বলেন, আমাদের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ ঢুকে গেছে।
