রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে-এ রায়টি একটি ঐতিহাসিক ঘটনা। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লংঘনের দায়ে অভিযুক্ত প্রথম রাষ্ট্র হিসাবে মিয়ানমার এখন কলঙ্কিত হলো। রোহিঙ্গারা এমন এক বিচার পেলেন, যার জন্য তাদের দীর্ঘকাল অপেক্ষা করতে হয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হন।
শুক্রবার বিবিসির বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, ২০১৭ সালের ভয়াবহ ঘটনার পর থেকে বাংলাদেশে বিশাল শরণার্থী শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন। সেখানে তারা বিভিন্ন পর্দার সামনে জড়ো হয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট, বিচারক ইউজি ইওয়াসাওয়াকে আদালতের রায় ঘোষণা করতে দেখেছেন।
২০১৯ সালে অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থনে গাম্বিয়া যখন মামলাটি আদালতে দায়ের করে, তখন থেকে আদালত যেসব সাক্ষ্য-প্রমাণ শুনেছে, বিচারক তার কিছু অংশ উল্লেখ করেন। সেখানে গণহত্যামূলক কর্মকাণ্ডের বিবরণ ছিল। এর মধ্যে রয়েছে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম ধ্বংস করা; এমনকি অনেক ক্ষেত্রে রোহিঙ্গাদের তাদের ঘরের ভেতরেই পুড়িয়ে মারা হয়েছে।
নয় বনাম ছয় ভোটের সংখ্যাগরিষ্ঠতায় নেওয়া সিদ্ধান্তটি অন্যান্য গণহত্যা মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কারণ, এ রায় গণহত্যার উদ্দেশ্য (জেনোসাইডাল ইনটেন্ট) প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণের মানদণ্ডকে পুনরায় নিশ্চিত ও স্পষ্ট করেছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাটি, যেখানে অভিযোগ করা হয়-২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
আদালতের এই যুগান্তকারী সিদ্ধান্ত সেই সব মানুষের বিশ্বাসকে আরও শক্তিশালী করে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ক্ষমতা প্রয়োগের নিয়মাবলির ওপর আস্থা রাখেন। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনটি ছিল জাতিসংঘের কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ, যা নাৎসিদের পরাজয়ের আগের বছরগুলোতে ঘটে যাওয়া সীমাহীন নৃশংসতা, যুদ্ধ ও গণহত্যার পুনরাবৃত্তি রোধ করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল।
১৯৪৫ সালের পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত নিয়ম ও প্রথাগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শাসনামলে নজিরবিহীন চাপের মুখে পড়েছে। চীনে তাদের শীর্ষ সম্মেলনের দিনেই আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) একটি বার্তা দিয়েছেন যে, আন্তর্জাতিক আইন এখনো টিকে আছে এবং এটি হয়তো প্রমাণ করতে পারে যে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বলপ্রয়োগের পরিণতি ভোগ করতে হয়।
আইসিজেতে গণহত্যার মামলায় ‘উদ্দেশ্য’ প্রমাণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেবল নৃশংসতা ঘটেছে, এটি প্রমাণ করাই যথেষ্ট নয়। জাতিসংঘ গৃহীত ‘জেনোসাইড কনভেনশন’ বা গণহত্যা সনদে এ অপরাধটিকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে-‘কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডই হলো গণহত্যা।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় ইহুদিদের ওপর নাৎসি হলোকাস্টের পর এ সনদটি প্রণয়ন করা হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যারা সনদটি তৈরি করেছিলেন, তাদের নেতৃত্বে ছিলেন হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ইহুদি রাফায়েল লেমকিন। তারা সচেতনভাবেই প্রমাণের মানদণ্ড অত্যন্ত উঁচুতে নির্ধারণ করেছিলেন। আর ঠিক এই কারণেই, গণহত্যা সংঘটিত হয়েছে- এমন রায় দিতে আইসিজের এত দীর্ঘ সময় লেগেছে।
যুক্তরাষ্ট্রের সতর্ক প্রতিক্রিয়া, প্রশংসা করল ইইউ : মিয়ানমার যে তাদের রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, বিশ্বের সর্বোচ্চ আদালতের এমন রায়ের বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ রায়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি ‘মাইলফলক’ হিসাবে অভিহিত করেছে। আইসিজে এই ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করলেন, যা ভবিষ্যতে গণহত্যার অভিযোগের ক্ষেত্রে একটি নজির স্থাপন করতে পারে; বিশেষ করে ইসরাইলের বিরুদ্ধে চলমান মামলার ক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ হতে পারে।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা রায়টি পর্যালোচনা করছেন। একই সঙ্গে আইসিজেকে ‘রাজনীতিকরণ’ থেকে দূরে রাখার ওপর জোর দিয়েছে দেশটি। শুক্রবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছে। বিশেষ করে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) একটি ‘বিপথগামী বিশ্ববাদী প্রতিষ্ঠান’ হিসাবে গণ্য করে এবং তা বিলুপ্ত করার হুমকি দিয়েছে। তবে আইসিজে ও আইসিসি সম্পূর্ণ ভিন্ন দুটি প্রতিষ্ঠান; ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত আইসিজের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি।
পররাষ্ট্র দপ্তর মিয়ানমারের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। তারা জানিয়েছে, ‘রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপর অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।’ দপ্তর উল্লেখ করেছে যে, রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র একক বৃহত্তম দাতা দেশ।
অপরদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, মিয়ানমারকে অবশ্যই কোনো বিলম্ব না করে আইসিজের রায় পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। ইইউ-এর মতে, ‘আইসিজের সিদ্ধান্ত মেনে চলা ঐচ্ছিক কোনো বিষয় নয়, বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি একটি বাধ্যবাধকতা।’ ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, ‘রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুতি ও সহিংসতার মতো চরম দুর্দশার শিকার; তাদের এই কষ্টকে ভুলে যাওয়া উচিত নয়।’
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ রায়কে ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত’ হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ ধরনের ভয়াবহ অপরাধের জন্য দায়মুক্তি কোনোভাবেই চলতে দেওয়া যায় না।
