‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার
সন্ত্রাস-নাশকতায় কী অর্জন
এনাম আবেদীন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত এক সপ্তারও বেশি সময় ধরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়াসহ দেশের বেশকিছু এলাকায় আগুন সন্ত্রাস ও ভাঙচুরসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ডই জনমনে ছিল আলোচনার বিষয়বস্তু। সপ্তাজুড়েই ছড়িয়েছিল উদ্বেগ-উৎকণ্ঠা। তবে শুক্রবার থেকে এই প্রবণতা কমে গেছে। ফলে দেশের রাজনীতিতে আলোচনা উঠেছে, ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে কী লাভ হলো! তাছাড়া এসব কর্মকাণ্ডে দলটির রাজনীতিতে ইতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা, নাকি ‘আগুন-সন্ত্রাস’র বয়ান এখন আওয়ামী লীগকে কেন্দ্র করে তৈরি হবে, উঠেছে এমন প্রশ্নও।
মার্কসবাদী দর্শনে বিদ্যমান শোষণমূলক রাষ্ট্রব্যবস্থা ও পুঁজিবাদী কাঠামো পরিবর্তনে বিপ্লবী বলপ্রয়োগের ধারণা থাকলেও মার্কস ও লেনিনের রাজনৈতিক চিন্তায় ব্যক্তিকেন্দ্রিক সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্ন গুপ্তহত্যার কৌশলের সমালোচনাও আছে। তাদের দৃষ্টিতে, জনগণের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের বিকল্প হিসাবে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণ করলে তা গণভিত্তি গড়ে তোলার পরিবর্তে আন্দোলনকে দুর্বল ও বিচ্ছিন্ন করে দেয়।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলের আন্দোলনে আগুন-সন্ত্রাসী ‘ট্যাগ’ বা বয়ান তৈরি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সাল থেকে প্রায় প্রতিটি বক্তব্যে তিনি বলেছেন, ‘রাজনীতি করতে চাইলে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়তে হবে।’ তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে পার্থক্য হলো; বিএনপি-জামায়াত তখন নিষিদ্ধ ছিল না এবং দেশে তাদের বৈধভাবে রাজনীতি করার সুযোগ ছিল। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এবং দলটির কর্মকাণ্ডের নির্দেশনা আসে ভারত বা দেশের বাইরে থেকে।
জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক ম্যাক্স ওয়েবার ১৯১৯ সালে তার ‘পলিটিকস অ্যাজ আ ভোকেশন’ প্রবন্ধে রাষ্ট্রকে এমন একটি প্রতিষ্ঠান হিসাবে সংজ্ঞায়িত করেছেন; যেখানে রাষ্ট্রের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতা কিংবা সন্ত্রাসের আশ্রয় নিলে তা রাষ্ট্রের কর্তৃত্ব, সার্বভৌমত্ব ও আইনের শাসনের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়। আধুনিক উদারনৈতিক রাষ্ট্রব্যবস্থায় তাই রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসাবে বেসরকারি বা গোষ্ঠীগত সন্ত্রাসের কোনো বৈধতা নেই।
বিশ্লেষকরা বলছেন, ২০১৪ সাল থেকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে অনেক সহিংস ঘটনা ঘটলেও হাসিনা সরকারের কিন্তু পতন হয়নি। পতন হয়েছে ঠিক তখনই, যখন রাজনৈতিক দলের পাশাপাশি দেশের ছাত্রসমাজসহ সমাজের সর্বস্তরের মানুষ তার সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে একযোগে রাস্তায় নেমেছে। কিন্তু তারেক রহমানের মাত্র ১০ মাসের সরকারের ওপর মানুষ এখনো ক্ষুব্ধ বা বিরক্ত কোনোটিই হয়নি। উলটো আওয়ামী লীগের আন্দোলনে মানুষ আতঙ্কিত হচ্ছে, বিরক্ত হচ্ছে। অনেকের মতে, অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা বা দুঃখ প্রকাশ করে, ইতিবাচক রাজনীতি শুরু করলে বরং এক সময় মানুষের সহানূভূতি পেয়ে দলটি ঘুরে দাঁড়াতে পারত।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে, নাশকতা এবং আগুন সন্ত্রাসের কারণে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি দলের লাভের তুলনায় ক্ষতি বেশি হবে। কারণ এতে মানুষ বিরক্ত হবে। এর পরিবর্তে ধৈর্য ধারণ করে, গণহত্যার ব্যাপারে ক্ষমা চেয়ে তারা পরিস্থিতির উত্তোরণ ঘটানোর কৌশল নিতে পারত। কিন্তু সেটি না করে সম্ভবত তারা প্রমাণ করতে চাইছে যে, তারা ফ্যাক্টর এবং সন্ত্রাস করার সক্ষমতা তাদের আছে। তার মতে, আওয়ামী লীগের জবাব সরকার বা অন্যান্য দল দিলেও সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানির দায় তাদের ওপরই পড়বে।
নতুন একটি সরকারের এক বছর পার না হতেই ব্যাপক নাশকতার দায় যেমন আওয়ামী লীগের ওপরে পড়ছে; পাশাপাশি নানা ইস্যুতে এতদিন বিভেদ থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি-জামায়াতসহ জুলাই আন্দোলনের দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন তারা। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলনের দলগুলো ঐক্যবদ্ধ হলে শুধু ককটেল আর নাশকতা দিয়ে সরকারের পতন ঘটানো সম্ভব নয়।
জার্মান-আমেরিকান রাজনৈতিক তাত্ত্বিক হানা আরেন্ডট ১৯৭০ সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ ‘অন ভায়োলেন্স’-এ ক্ষমতা ও সহিংসতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য তুলে ধরেছেন। তার মতে, প্রকৃত রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণের সম্মতি ও সম্মিলিত সমর্থন। কোনো শাসক বা রাজনৈতিক গোষ্ঠী যখন জনসমর্থন হারাতে শুরু করে, তখনই তারা ক্ষমতা ধরে রাখতে সহিংসতা ও সন্ত্রাসের আশ্রয় নেয়। আরেন্ডটের ভাষায়, ‘সহিংসতা ক্ষমতাকে ধ্বংস করতে পারে, কিন্তু কখনোই ক্ষমতা সৃষ্টি করতে পারে না।’ অর্থাৎ, রাজনীতিতে সন্ত্রাসের অনুপ্রবেশ মানেই হলো সেখানে প্রকৃত রাজনীতির মৃত্যু ঘটে।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, ঐতিহ্যবাহী দল হওয়া সত্ত্বেও ক্ষমতায় থাকাকালে তিনটি নির্বাচনের নামে প্রহসন ও হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ যদি ভালো রাজনীতির ধারায় ফিরতে চায় এবং দেশকে সুশৃঙ্খল করতে চায়, তাহলে জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মসূচি পরিহার করতে হবে।
ইতোমধ্যে জনমনে দৃশ্যমান হচ্ছে, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জসহ দেশের বেশকিছু এলাকায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের ব্যাপক পালটা প্রতিক্রিয়া হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে আওয়ামী লীগের অনেক বাড়িঘরেও। রাজনৈতিক সূত্রের খবর, আওয়ামী লীগ যতবারই কর্মসূচি দেবে বা নাশকতা করবে, তাদের প্রতিহত করার কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীসহ সমমনা অন্যান্য দল। আওয়ামী লীগকে মোকাবিলায় আজই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত।
এ প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগের নাশকতা সরকার ও বিরোধী দলের মধ্যে নতুন করে ঐক্য তৈরির সুযোগ করে দিয়েছে। আরেকটি ইতিবাচক দিক হলো, আওয়ামী লীগ এই আন্দোলন থেকে লাশ চেয়েছিল। কিন্তু সরকারি দলের কয়েকজন নেতা নিহত হওয়ার পরেও সরকার এগ্রেসিভ হয়নি বা তাদের ফাঁদে পা দেয়নি। এজন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার দাবিদার।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মুহাম্মদ নুরুল হুদা যুগান্তরকে বলেন, সহিংসতা দিয়ে যদি সব ডিসাইড করা যায়, তাহলে তো আর গণতান্ত্রিক রাজনীতির দরকার নেই।
তিনি বলেন, এ দেশে কিছু লোক এস্টাবলিশ করতে চাচ্ছে, যেভাবেই হোক পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা ধরে রাখা যায় বা ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু তা তো সম্ভব হচ্ছে না। সহিংসতা হলো গণতন্ত্রের ঠিক বিপরীত বিষয়।
দক্ষিণ এশিয়াবিষয়ক রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, জ্বালাও-পোড়াও, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন হতে পারে না। এমনভাবে সরকারের পতনও ঘটানো যায় না। তবে এমন ঘটনায় লাভ-লোকসান বিষয়টি কে কিভাবে দেখছে তার ওপরে নির্ভর করছে। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের একটা প্যাসিফিকেশন আছে, আবার আমাদের সাধারণ মানুষের একটা চিন্তাভাবনা রয়েছে। সাধারণ মানুষের জন্য এমনটা মঙ্গলজনক নয়। সাধারণ মানুষ চায়, দেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। কারণ তাদের জন্য এমন পরিস্থিতি আতর। অপরদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থান থেকে আসতে চায়, নিষেধ ভাঙতে চায়। ফলে তারা নড়াচড়া করবেই। আবার আওয়ামী লীগ বিরোধীরা চাইবে এটা ঠেকাতে। তবে এমন সংঘাতে সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে। তার মতে, জনগণের জানমালের ক্ষতি করে কোনো কিছু করা যায় না। আওয়ামী লীগ হয়তো সরকারকে ডিস্টার্ব করার জন্যই কর্মসূচি করেছে। তবে এটা বলতে পারি, ইতিহাস মূল্যায়ন করবে-আজকের এমন রাজনীতি ঠিক হচ্ছে নাকি, হচ্ছে না।
জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান যুগান্তরকে বলেন, অগ্নি সন্ত্রাস বা নাশকতা করে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের কোন লাভ হয়নি; ভবিষ্যতেও তারা কিছু অর্জন করতে সক্ষম হবে না। এই দলটি এবং তাদের প্রভুরা জাতীয়তাতাবাদী শক্তির প্রতীক প্রধানমন্ত্রীর মনোবল দুর্বল করার সুযোগ তৈরি করতে চয়েছিল। কিন্তু আমাদের নেতার মনোবল দুর্বল হয়নি। বরং জুলাই আন্দোলনের শক্তিগুলোর ঐক্য আরও সুদৃঢ় করার সুযোগ হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, এত নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যার ও গণরোষে পালিয়ে যাওয়ার পরও তাদের কোন অনুশোচনা হয়নি। আবার দেশে ফিরে আসার নামে তারা গত কয়েকদিনে যে নাশকতা ও অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে তার মাধ্যমে তারা ভালো কিছুই অর্জন করতে পারেনি। উপরন্ত তাদের সেই সন্ত্রাসী চরিত্রটাকেই জাতি আবার নতুন করে দেখল। তারা জনগণ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়েছে। মাঝখান দিয়ে জনগণের জান-মালের ক্ষতি হয়েছে, মূল্যবান জীবন গেছে এবং দেশের রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের মতে, আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও কর্মসূচি দেশের সংকট আরও বাড়াবে। দেশ এমনিতেই অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। বর্তমান পরিস্থিতি সেই সংকটকে আরও গভীর করতে পারে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজনৈতিক উদ্যোগও নিতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের এই চাপ প্রয়োগের রাজনীতি কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করছে সরকার পরিস্থিতিকে কীভাবে মোকাবিলা করে তার ওপর। সরকার জনস্বার্থে কাজ করতে পারলে এবং জনগণের সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখলে আওয়ামী লীগের এ ধরনের কর্মসূচি দলটিকে আরও পিছিয়ে দিতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের মতে, এত নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যার ও গণরোষে পালিয়ে যাওয়ার পরও তাদের কোনো অনুশোচনা তো নেই। দেশে ফিরে আসার নামে আবার তারা যে নাশকতা ও অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে তার মাধ্যমে তারা ভালো কিছুই অর্জন করতে পারেনি। উপরন্ত তাদের সেই সন্ত্রাসী চরিত্রটাকেই জাতি আবার নতুন করে দেখল। তারা জনগণ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়েছে। মাঝখান দিয়ে জনগণের জান-মালের ক্ষতি হয়েছে, মূল্যবান জীবন গেছে এবং দেশের রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
