হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি
বাসস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
|
ফলো করুন |
|
|---|---|
সম্মিলিতভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করার মতো ঘটনা ঘটছে। মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এ অবস্থা কখনোই কাম্য নয়। যে বাংলাদেশের জন্য সংগ্রাম করা হয়েছে, সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ-সদস্য ফজলুল হক মিলন, সংসদ-সদস্য কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। আরও বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান। এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেছেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজাতে হবে-যাতে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছেন, তা কার্যকর হয় এবং দেশ, মানুষ ও তাদের নিজেদের জীবনে কাজে লাগে। একইসঙ্গে শিক্ষাব্যবস্থা থেকে যেন সত্যিকারার্থে প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। এজন্য দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে। রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থাকে প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের সত্যিকারার্থে দক্ষ করে তুলবে এবং দেশের জন্য কার্যকর অবদান রাখতে সক্ষম করবে।
ঢাকা কলেজের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, এই উপমহাদেশের অনেক মানুষের শিক্ষাজীবনের সঙ্গে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। তৎকালীন বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু আজকের বাংলাদেশ নয়, তৎকালীন পাকিস্তান ও তারও আগে ব্রিটিশ শাসনামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ঢাকা কলেজে পড়াশোনা করেছি। সেসময় কলেজে ছাত্র রাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু সেই পরিবেশের মধ্যেও ছাত্ররাজনীতি হয়েছে। তিনি বলেন, ঢাকা কলেজ এ দেশ, এ অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ। এখান থেকে সবচেয়ে সৃজনশীল ও মেধাবী মানুষ বেরিয়ে এসেছেন এবং তারা দেশ পরিচালনায় ভূমিকা রেখেছেন। তাই সরকারে যারাই থাকুন না কেন, ঢাকা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঢাকা কলেজকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসাবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা তা পূরণের লক্ষ্যে দীর্ঘকাল ধরে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত পুরো সময়জুড়ে ছাত্ররা বারবার রাজপথে বেরিয়ে এসেছেন। এসব আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। আগামী দিনেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সব জায়গায় নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। আর সেই অগ্রযাত্রার জন্য প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক একটি প্রজন্ম। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে। এজন্য শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
