যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কিভাবে: গোপালগঞ্জে আইজিপি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি মো. আলী হোসেন ফকির
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কিভাবে কাজ করবে? আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নেই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নেন আইজিপি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজ পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।’
স্থানীয়দের উদ্দেশে পুলিশপ্রধান বলেন, ‘আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। অশান্তি তৈরি করে এমন লোকজনের সংখ্যা খুব বেশি নয়।’
পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শুরুর বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ কিভাবে করবে? আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো তারা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনাদেরই বজায় রাখতে হবে।’
