ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:১১ পিএম
যুবলীগ নেতা হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর পুঠিয়ায় দুই মাস ধরে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ নাটোরের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ত্রাস দমন আইনের একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন হাবিবুর রহমান। বৃহস্পতিবার রাতে মহল্লার একটি চায়ের দোকানে চা খেতে এলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে চিনে ফেলেন। নাটোর জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০-৩০ জন লোক তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন।
এ সময় হাবিবুর রহমান দৌড়ে পাশেই অবস্থিত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মণ্ডলের বাড়িতে ঢুকে পড়েন এবং সেখান থেকে লাফিয়ে পাশের একটি দোকানের ছাদে গিয়ে আশ্রয় নেন। পিছু নেওয়া নেতাকর্মীরা ছাদ থেকে তাকে আটক করে পুনরায় মারধরের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। পরে খবর পেয়ে পুঠিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মণ্ডল জানান, হাবিবুর রহমান যে ওই মহল্লায় ভাড়া থাকেন, তা তিনি আগে জানতেন না। কয়েক দিন ধরে বাড়ির সামনের চায়ের দোকানে তাকে আসতে দেখতেন। বৃহস্পতিবার রাতেও চায়ের দোকানে এলে পরিচয় নিশ্চিত হয়ে লোকজন তাকে ধাওয়া দেয় এবং আত্মরক্ষার্থে তিনি তার বাড়িতে ঢুকে পাশের দোকানের ছাদে উঠে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী জানান, হাবিবুর রহমান ওই এলাকায় প্রায় দুই মাস ধরে আত্মগোপনে ছিলেন। ধাওয়া খেয়ে তিনি আব্দুর রশিদের বাড়িতে আশ্রয় নেন এবং পরে দোকানের ছাদে উঠে যান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, হাবিবুর রহমানকে আটক করার পর নাটোর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘হাবিবুর রহমান নাটোর সদর থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। পুঠিয়া থানা-পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করার পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
