বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার ফটক থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এছাড়া উপজেলার আড়ানী-নন্দনগাছি রেলস্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইনের উপর আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালের মধ্যে এসব ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংক শাখার ফটকসংলগ্ন এলাকায় লাল টেপ মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান ব্যাংক কর্মকর্তারা। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে।
মনিগ্রাম গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক সইদুল ইসলাম বলেন, সকালে ফটকের পাশে লাল রঙের সন্দেহজনক বস্তু দেখতে পাই। বোমার মতো মনে হলে টহলরত পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, রাতের আঁধারে কে বা কারা এসব ককটেলসদৃশ বস্তু রেখে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে বুধবার গভীর রাতে আড়ানী-নন্দনগাছি স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইনের উপর আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। আড়ানী রেলস্টেশনের স্টেশনমাস্টার ফরহাস আহমেদ বলেন, দুর্বৃত্তরা রেললাইনের উপর আগুন জ্বালিয়ে দিলেও ওই সময় কোনো ট্রেন ছিল না। এতে ট্রেনের সূচির (শিডিউল) কোনো পরিবর্তন হয়নি, যথাসময়েই ট্রেন চলাচল করেছে।
এদিকে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন বিয়াল বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন রাতের আঁধারে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক এলাকায় ককটেল রেখে গেছে বলে ধারণা করছি। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে বলা হয়েছে।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
