কোথাও সারের সংকট নেই, কৃষকদের ‘আতঙ্কই’ দায়ী: কৃষি সচিব
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম
কৃষি সচিব মো. সেলিম খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কৃষি সচিব মো. সেলিম খান সার সংকট পরিস্থিতির জন্য কৃষকদের আতঙ্ককে দায়ী করে বলেছেন, কোথাও সারের সংকট নেই, এই পরিস্থিতির জন্য কৃষকদের ‘আতঙ্কই’ দায়ী। এ সময় তিনি জেলা সার ও বীজ মনিটরিং কমিটিকে সারের মজুদ ও বিতরণ বিষয়ে তথ্য প্রচার করে কৃষকদের আশ্বস্ত করার পরামর্শ দেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আট জেলার জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ বিভাগের পরিচালক, অতিরিক্ত পরিচালক ও আট জেলার উপ-পরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সভায় তিনি এসব কথা বলেন।
মো. সেলিম খান বলেন, সারের এতো যদি সংকটই থাকত, তাহলে এই সভায় উপস্থিত জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তারা তো কেউ নিজ এলাকায় সার সংকটের কথা বললেন না।
তিনি বলেন, কোথাও সারের কোনো সংকট নেই। এই সংকট পরিস্থিতির জন্য কৃষকেরাই অনেকটা দায়ী। সার পাবেন না বলে তারা আতঙ্কগ্রস্ত হয়ে প্রতিদিন ডিলার পয়েন্টে ভিড় করছেন।
বৃহস্পতিবারের বিশেষ এই সভাটি ছিল কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থা পর্যালোচনা নিয়ে। পর্যালোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি উপস্থিত কোনো কর্মকর্তা। জানা গেছে, কার এলাকায় কত পরিমাণ সার মজুদ আছে তা এই সভায় সচিবের সামনে তুলে ধরেন বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। সচিবের সার পর্যালোচনা সভায় অংশগ্রহণের জন্য বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ডাকা হলেও শেষ পর্যন্ত সভায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। শুরুতে শুধু স্থির ও ভিডিও চিত্র ধারণ শেষে ফটোসাংবাদিকদের সভা থেকে চলে যেতে বলা হয়। ফলে ছবি নিয়ে তারা সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।
এদিকে পর্যালোচনায় আলোচনার বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, সচিবের এই সভায় নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, সার নিয়ে যে সংকটের কথা শোনা যাচ্ছে, তার প্রধান কারণ কৃষকদের আতঙ্ক। কৃষকেরা উদ্বিগ্ন, পরে সার এলেও তারা পাবেন কিনা- তা নিয়ে। অথচ সারের কোনো সংকট নেই। নাটোরে টিএসপি সার সরবরাহ করা মাত্রই শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে অন্যান্য সার গুদামে পড়েই থাকছে। কোনো কৃষক টিএসপি ছাড়া অন্য কোনো সার কিনছে না।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, প্রথম দিকে টিএসপি সার নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। বরাদ্দ বাড়ানোর পর সেই সমস্যা কেটে গেছে। এখন মনিটরিং জোরদার করা হয়েছে। আপাতত এলাকায় সার নিয়ে কোনো সমস্যা নেই। সব কৃষক সার পাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, সার নিয়ে একধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এ ছাড়া কোথাও কোথাও প্রেসার গ্রুপও কাজ করছে। ভেতরে ভেতরে সিন্ডিকেট তৈরি হয়েছে। এ কারণে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন রাজশাহী অঞ্চলে কোথাও সারের খুব একটা সংকট নেই।
তিনি আরও বলেন, কোনো কৃষক কতটুকু জমি চাষ করেছেন, সেই তালিকা আমাদের কাছে আছে। আমরা শুধু ওই আবাদি কৃষকদের জন্যই সার বরাদ্দ পাই। কিন্তু ডিলারের কাছে সব কৃষকই লাইনে দাঁড়ান। এ জন্য একটা আতঙ্ক তৈরি হয়েছে। বাস্তবে সারের কোনো সংকট নেই। প্রতি মাসের ২১ তারিখের মধ্যে প্রত্যেক ডিলার তাদের বরাদ্দের শতভাগ সার উত্তোলন করলে কোনো সমস্যাই হবে না আর। আমরা সেই নির্দেশনা দিয়েছি এবং তা কার্যকরে কাজ করছি।
রাজশাহী অঞ্চলে সার বিতরণ পর্যালোচনায় বিশেষ এই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোরশেদ আলম, যুগ্মসচিব (সম্প্রসারণ) মোহাম্মদ এনামুল হক, যুগ্মসচিব (পিপিবি) এবং উপসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মুহাম্মদ শহিদ উল্লাহ প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

