পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে বক্তব্য রাখছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, আমরা মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই। ইতোমধ্যে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি, ‘মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।’
বুধবার (১৮ নভেম্বর) বিকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর আশরাফ আলী বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই।
পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে পাবনা অনেক ভালো আছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।
বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে বাসা থেকে শুরু করে রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলা তদন্ত সহজ হবে। যেসব মামলা তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগই সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান, প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, আরজুমা আকতার, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

-6afdcf612e601.jpg)