বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
কলেজছাত্র সিফাত আবদুল্লাহ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
সিফাত আবদুল্লাহর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিফাতের আইনজীবী নাসের আলী খান।
নাসের আলী খান বলেন, রাত ৭টা ৫০ মিনিটে সিফাত বের হয়েছে। তিনি এখন গাড়িতে বাসার দিকে রওনা হয়েছে। একটি মিথ্যা মামলায় তাকে ৭৬ দিন জেলহাজতে রাখা হয়েছিল। তিনি ইনকিলাব মঞ্চ ও এনসিপির সক্রিয় সদস্য।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে পুলিশ সিফাত আবদুল্লাহকে আটক করে। পরে গত ৪ জুন গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে নিম্ন আদালতে সিফাতের জামিন আবেদন দুই দফা নাকচ হয়েছিল। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এদিকে নিম্ন আদালতে জামিন না পেয়ে সিফাতের আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলে আইনি প্রক্রিয়া শেষে বুধবার তিনি কারামুক্ত হন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার হালিমা খাতুনকে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।

