আমির হামজার ওয়াজ মাহফিলে ব্যানারে নাম দেওয়ায় বিএনপির ক্ষোভ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম
আমির হামজার ওয়াজ মাহফিলে ব্যানারে নাম দেওয়ায় বিএনপির সংবাদ সম্মেলন
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের মহেশপুরে ইসলামি বক্তা আমির হামজার ওয়াজ মাহফিলের ব্যানারে অতিথির তালিকায় সম্মতি না নিয়ে নাম দেওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির নেতারা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার এসবিকে ইউনিয়ন বিএনপির খালিশপুর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা।
তবে মাহফিলের আয়োজক কমিটি জানিয়েছে, এটি কোনো রাজনৈতিক মাহফিল নয় এবং তালিকায় নাম থাকা সবাইকে আগে থেকেই চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম বলেন, আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার খালিশপুর বহুমুখী বিদ্যালয় মাঠে ইসলামি বক্তা আমির হামজার ওয়াজ মাহফিলের প্রস্তুতি চলছে। আয়োজক কমিটি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ার পরও মাহফিলের ব্যানার ও পোস্টারে সম্মতি না নিয়ে তার নামসহ উপজেলা বিএনপির সহ-সভাপতি অমেদুল ইসলাম মাস্টার, ওয়ার্ড বিএনপির সভাপতি খলিল মোল্যা ও সাধারণ সম্পাদক অমেদুল ইসলামের নাম সংযোজন করে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
আব্দুর রহিম আরও বলেন, আমাদের না জানিয়ে ব্যানার-পোস্টারে নাম সংযোজন করায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কারণে আমরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মাহফিলের আয়োজক কমিটির সদস্য জিয়া যুগান্তরকে বলেন, এটি কোনো রাজনৈতিক মাহফিল নয়। এ কারণে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আগে থেকেই চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
