ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে পিটিয়ে জখম, স্ত্রী পলাতক
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
মামুন মিয়া
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্বামী মামুন মিয়াকে (৩২) খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্ত্রী মমতা বেগমের (২৫) বিরুদ্ধে।
আশঙ্কাজনক অবস্থায় মামুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মামুনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনার পর থেকে মমতা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি স্বজনদের।
মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলাপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় পাঁচ-ছয় বছর আগে তাদের বিয়ে হয়। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর মামুন ঘুমিয়ে পড়েন। ভোররাতে মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে তার মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেলে রেখে স্ত্রী পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
