চার পরীক্ষায় প্রথম শ্রেণি, ডেঙ্গুতে থামল মেধাবী শিক্ষার্থী তারিনের জীবন
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সাতকানিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ফাতেমা তুজ জোহরা চৌধুরী তারিন (২৬) নামের এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারিন সাতকানিয়া সদর ইউনিয়নের করাইয়ানগর এলাকার বাসিন্দা এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজম খান চৌধুরীর মেয়ে। তিনি দাখিল, আলিম, ফাজিল ও কামিল—চারটি পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন।
তারিনের চাচা ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর প্রথমে তারিনকে সাতকানিয়ার আশশেফা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তার মৃত্যু হয়।
ইব্রাহিম চৌধুরী আরও জানান, তারা সাতকানিয়ার কেরানীহাট এলাকার ঢেমশা রোডে ভাড়া বাসায় থাকতেন। মূলত সেখান থেকেই তারিন ডেঙ্গু আক্রান্ত হন। নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
