দুই দফা তালাকের পরও ১৬ বছর সংসার, অতঃপর...
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরে দুই দফা তালাক দেওয়ার পরও তা গোপন রেখে স্ত্রীর সঙ্গে দীর্ঘ ১৬ বছর সংসার করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়।
স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা এবং পাঁচ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী স্ত্রী সাবিতা বেগম।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবিতা বেগম এসব অভিযোগ করেন।
তিনি জানান, ২০১০ সালে প্রথম এবং ২০১১ সালে দ্বিতীয়বার তাকে তালাক দিলেও বিষয়টি গোপন রাখেন স্বামী শফিকুল ইসলাম। এরপরও স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন একসঙ্গে বসবাস করেন তারা। এ সময় তাদের সংসারে এক কন্যাসন্তানের জন্ম হয়। টাকার জন্য অন্য পুরুষের কাছে তাকে তুলে দেওয়ার চেষ্টা করতেন শফিকুল।
ভুক্তভোগীর অভিযোগ, দাবি করা পাঁচ লাখ টাকা যৌতুক দিতে না পারায় গত ১০ আগস্ট দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেন শফিকুল। বর্তমানে মেয়েকে নিয়ে একটি পোশাক কারখানায় কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করছেন তিনি।
সাবিতা বেগম জানান, এ ঘটনায় তিনি জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কার্যকর প্রতিকার না পেয়ে বুধবার প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে নির্যাতনের বর্ণনা দিয়ে ন্যায়বিচার দাবি করেন তিনি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রমাণসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
