সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অন্য দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত এবং ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিনের আবেদনের ভিত্তিতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি দেন। তিনি উল্লেখ করেন, তাঁরা সাবেক সরকারের সহযোগী ছিলেন। এ সময় তাদের কারাগারে রাখার আবেদন জানান তিনি।
অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী খালেদা জাহান লিলি গ্রেফতারের বিরোধিতা করে জামিন চান। শুনানিতে তিনি জানান, আসামিদের একজন দুই দিন আগে সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এবং বয়সেও প্রবীণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে তার জামিনের আবেদন করেন আইনজীবী। তবে প্রয়োজনীয় মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের শুনানি করেননি।
মামলার এজাহার অনুযায়ী, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানার আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিল করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করে। এ সময় ৭০টি অর্ধপোড়া মশাল, একটি ব্যানার এবং ৭০টি কালো মুখোশ উদ্ধার করার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গ্রেফতার হওয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
তদন্ত কর্মকর্তা আরও আশঙ্কা প্রকাশ করেন, জামিনে মুক্তি পেলে আসামিরা তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারেন এবং পালিয়ে যেতে পারেন। এসব কারণ দেখিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন জানান তিনি।

