জাহাংগীর-ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ ডিসেম্বর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাংগীর আলম ও জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগামী ২ ডিসেম্বর এ বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে এ দিন ধার্য করেন। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পলওয়ান। অন্যদিকে, আসামি জাহাংগীর আলমের পক্ষে ছিলেন আইনজীবী মো. মজিবুর রহমান এবং পলাতক ধনঞ্জয় কুমার দাসের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন জাহাংগীর আলম। দিনের বেলায় সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে অংশ নিতেন তিনি।
এসব বৈঠকে শিক্ষার্থীদের আন্দোলন দমনে পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখতেন বলে অভিযোগ করে প্রসিকিউশন।
প্রসিকিউশনের দাবি, আন্দোলন দমনে কাগজে-কলমে বলপ্রয়োগের অন্যতম হাতিয়ার ছিল কারফিউ জারি। ওই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুলসংখ্যক ছাত্র-জনতা হত্যার শিকার হন।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের গ্রহণযোগ্যতা থাকায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানানো হয়। তবে আসামিপক্ষ অভিযোগ গঠনের বিরোধিতা করে অব্যাহতির আবেদন জানিয়েছে।
জাহাংগীর আলমের পক্ষে আইনজীবী মো. মজিবুর রহমান শুনানিতে বলেন, তার মক্কেল সরকারি দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে তিনি এসব কর্মকাণ্ডে যুক্ত হননি। সরকারি দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন বৈঠকে তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। ফলে নিরুপায় হয়েই তাকে বৈঠকগুলোতে অংশ নিতে হয়েছে।
অন্যদিকে, পলাতক ধনঞ্জয় কুমার দাসের পক্ষে আইনজীবী আমির হোসেন বলেন, তার মক্কেল কোনো অপরাধে জড়িত ছিলেন না। তিনি কেবল সরকারি দায়িত্ব পালন করেছেন। তাই তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি।
জবাবে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, কেউ সরকারের দায়িত্বশীল পদে থাকলেই মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্তি পাবেন, এমন নয়। সরকারি দায়িত্ব পালনের আড়ালে অপরাধ সংঘটিত হলে কিংবা সুনির্দিষ্ট অপরাধমূলক উদ্দেশ্য থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা যেতে পারে।
গত ২৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
ওই দিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এবং পলাতক থাকায় ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর আসামি জাহাংগীর আলম গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
আগামী ২ ডিসেম্বর ট্রাইব্যুনালের আদেশের মধ্য দিয়ে স্পষ্ট হবে, দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর অনুমতি দেওয়া হবে কি না।

