অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দের অভিযান চালাতে গিয়ে হেনস্তা ও হামলার চেষ্টার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় জব্দ করা পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়ার পাশাপাশি অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে একটি শুঁটকির দোকানে অভিযান চালিয়ে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়।
পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হলে কয়েকশ মানুষ অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের ঘিরে ধরেন। একপর্যায়ে তাদের ওপর হামলার চেষ্টা ও হেনস্তা করা হয়। এ সময় জব্দকৃত সামগ্রী ছুড়ে ফেলে দেওয়া হয় এবং অভিযানে ব্যবহৃত অটোরিকশাটি ভাঙচুর করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাত আক্তার সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে অভিযানে একটি দোকান থেকে ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কয়েকশ মানুষ আমাদের ঘিরে ধরে হামলার চেষ্টা ও হেনস্তা করেন। এ সময় জব্দ করা সামগ্রী ছুড়ে ফেলা ও অটোরিকশা ভাঙচুর করা হয়।
