৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে বন্ধ থাকা ফেরি চলাচল সাত ঘণ্টা পর আবার শুরু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে তরিকুল ইসলাম (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়। এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। পরে মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়।
মাস্টারকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, অন্যায়ভাবে মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও জানান তারা।
কর্মবিরতির কারণে শনিবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, আমাদের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, আজকের মধ্যে আমাদের মাস্টারকে আমাদের কাছে এনে দেবেন। সেই আশ্বাসে আজ কর্মবিরতি প্রত্যাহার করেছি। তা না হলে রোববার থেকে পুরো বাংলাদেশে কর্মবিরতি পালন করব।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল চালু করা হয়েছে।
