পদ্মা সেতু টোলপ্লাজায় ককটেল বিস্ফোরণ-ভাঙচুর, ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেফতার ৪
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) এক কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন—শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত মো. জাহাঙ্গীর হোসেন (৪১), কার্যক্রম নিষিদ্ধ জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, কার্যক্রম নিষিদ্ধ চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর (৫৭) এবং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য মো. রিপন সরদার (৫৫)।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় গত ৯ নভেম্বর রাতের ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। পরে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হবে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
