Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মাদকবিরোধী অভিযানে হত্যার অভিযোগ, আইসিসিতে শুরু হচ্ছে দুতার্তের বিচার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

মাদকবিরোধী অভিযানে হত্যার অভিযোগ, আইসিসিতে শুরু হচ্ছে দুতার্তের বিচার

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচার শুরু হচ্ছে। দেশটির সাবেক এই নেতা হবেন এশিয়ার প্রথম কোনো রাষ্ট্রপ্রধান, যার বিচার হবে এই আদালতে। তার শাসনামলে পরিচালিত কথিত ‘মাদকবিরোধী যুদ্ধে’ হাজারো মানুষ নিহত হওয়ার অভিযোগ রয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ৮১ বছর বয়সী দুতার্তেকে গত বছর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে গ্রেফতার করে নেদারল্যান্ডসের হেগে নেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে আইসিসির হেফাজতে রয়েছেন। বিচারপ্রক্রিয়া দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন চার ঘণ্টা করে শুনানি হবে এবং অভিযোগপক্ষ প্রায় ১০০ জন সাক্ষীকে আদালতে হাজির করার পরিকল্পনা করেছে।

২০১৬ সালে অপরাধ দমনে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হন দুতার্তে। এর আগে তিনি আইনজীবী ও দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে সন্দেহভাজন অপরাধীদের নিজ হাতে হত্যার দাবি করেছিলেন তিনি। এমনকি মোটরসাইকেলে চড়ে শহরে ঘুরে অপরাধীদের খুঁজে বের করার কথাও বলেছিলেন।

প্রেসিডেন্ট হওয়ার পর মাদক ব্যবহারকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের ধরতে উৎসাহিত করেন তিনি। তার কঠোর ও সহিংস বক্তব্যের কারণে অনেকে তাকে ‘দ্য পানিশার’ নামে ডাকতেন।


ফিলিপাইনের জাতীয় পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে স্বাধীন পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। নিহতদের বেশির ভাগই ছিলেন বস্তি ও দরিদ্র এলাকায় বসবাসকারী পুরুষ।

অভিযানের সময় প্রায় প্রতিদিনই রাস্তায় গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যেত। অনেক মরদেহের পাশে হাতে লেখা কার্ডবোর্ডে নিহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বা মাদকসেবী হিসেবে উল্লেখ করা হতো।

বিচারের প্রথম দিন দুতার্তে অভিযোগগুলো বুঝতে সক্ষম কি না, তা যাচাই করবেন বিচারকেরা। এরপর তিনি দোষ স্বীকার করছেন, নাকি অস্বীকার করছেন— তা জানতে চাওয়া হবে। পরে শুরু হবে দুই পক্ষের প্রাথমিক বক্তব্য উপস্থাপন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রাক্-বিচার শুনানিতে উপস্থিত হননি দুতার্তে। সে সময় এক বিবৃতিতে তিনি নিজেকে ‘বৃদ্ধ, ক্লান্ত ও দুর্বল’ বলে উল্লেখ করেন। পাশাপাশি স্মৃতিশক্তি হারানোর কথাও জানান।

আইসিসির প্রাক্-বিচারিক বিচারকেরা এরই মধ্যে বলেছেন, বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিত হামলার অংশ হিসেবে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় দুতার্তের দায় থাকার যথেষ্ট ভিত্তি রয়েছে। আদালত ৪৯টি ঘটনা পর্যালোচনা করবে, যেগুলোতে ৭৬ জন নিহত হয়েছেন।


দুতার্তের আইনজীবী নিকোলাস কাউফম্যান গত ফেব্রুয়ারির শুনানিতে দাবি করেন, সাবেক প্রেসিডেন্টের বক্তব্যে অতিরঞ্জন, দম্ভ ও বাগাড়ম্বর ছিল। তাঁর ভাষার ভিত্তিতে তাঁকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে অভিযোগপক্ষের বক্তব্য, দুতার্তের বক্তব্যগুলো কেবল কথার কথা ছিল না; বাস্তবেও সেগুলো কার্যকর করা হয়েছে। শুনানি শেষে অভিযোগপক্ষের প্রতিনিধি জুলিয়ান নিকোলস বলেন, হাজারো মানুষকে হত্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুতার্তে, আর তা বাস্তবায়নও করেছেন।

দুতার্তের বিচারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে নিহত ব্যক্তিদের স্বজন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের মতে, এই বিচার নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফিলিপাইনের ট্রুথ কমিশনের চেয়ারম্যান রাউল পাঙ্গালাঙ্গান বলেন, একসময় শক্তিশালী নেতা হিসেবে পরিচিত দুতার্তেকে এখন আদালতে অভিযুক্ত হিসেবে দেখা— ফিলিপিনোদের কাছে এই দৃশ্যের তাৎপর্য অনেক।

তিনি বলেন, এই বিচার বিশ্বকে জানিয়ে দেবে, কোনো নেতা যত ক্ষমতাধরই হোন না কেন, আইনের ঊর্ধ্বে নন। তবে হেগের আদালতে হাজারো ঘটনার সামান্য অংশের বিচার হবে। ফিলিপাইনের বহু পরিবার এখনো জানতে পারেনি, তাদের স্বজনেরা কীভাবে মারা গেছেন এবং হত্যাকারীদের জবাবদিহির আওতায় আনা হবে কি না।

অতীতে আইসিসির কোনো মামলায় রায় দিতে এক বছরেরও বেশি সময় লেগেছে। দুতার্তের ক্ষেত্রেও বিচার শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও থাকবে তার।

এদিকে দুতার্তে ছাড়াও ফিলিপাইনের আরেক সাবেক পুলিশপ্রধান রোনাল্ড দেলা রোসাকে খুঁজছে আইসিসি। দুতার্তের মাদকবিরোধী অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন তিনি।

চলতি বছরের মে মাসে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সরকারি কর্মকর্তারা দেশটির সিনেট ভবনে তাকে ধরতে গেলে সেখানে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে সিনেট ভবনের ভেতরে অবস্থান করেন দেলা রোসা। এ সময় কর্তৃপক্ষের সঙ্গে তার পক্ষের লোকজনের উত্তেজনা ও গোলাগুলির ঘটনাও ঘটে। পরে কঠোর নিরাপত্তার মধ্যে থাকা ভবনটি থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার অবস্থান জানা যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

ভারত অধিনায়কের জোরালো দাবি কানেই তুলল না আইসিসি

ভারত অধিনায়কের জোরালো দাবি কানেই তুলল না আইসিসি

আইসিসির মোট সম্পদ কত টাকা?

আইসিসির মোট সম্পদ কত টাকা?

আইসিসির বড় শাস্তির মুখে তাওহিদ হৃদয়

আইসিসির বড় শাস্তির মুখে তাওহিদ হৃদয়

আইসিসির শাস্তির মুখে দুই আফগান ক্রিকেটার

আইসিসির শাস্তির মুখে দুই আফগান ক্রিকেটার

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পরই ভারতের জন্য দুঃসংবাদ

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পরই ভারতের জন্য দুঃসংবাদ

আরও পড়ুন

জোট সরকার গঠনে বৈঠকে বসছেন নেতানিয়াহু ও আইজেনকোট

জোট সরকার গঠনে বৈঠকে বসছেন নেতানিয়াহু ও আইজেনকোট

মাদকবিরোধী অভিযানে হত্যার অভিযোগ, আইসিসিতে শুরু হচ্ছে দুতার্তের বিচার

মাদকবিরোধী অভিযানে হত্যার অভিযোগ, আইসিসিতে শুরু হচ্ছে দুতার্তের বিচার

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি?

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি?

সিএনএনের প্রতিবেদন যেভাবে বিশ্বের সেরা হ্যাকার বাহিনী গড়ে তুলল উত্তর কোরিয়া

যেভাবে বিশ্বের সেরা হ্যাকার বাহিনী গড়ে তুলল উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম