ভারত পাকিস্তান ও ইরানের জন্য ভিসা নিয়মে পরিবর্তন আনল কাতার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০১:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল বিশ্বকাপের আগে ভারত, পাকিস্তান ও ইরানের নাগরিকদের জন্য ভিসা নিয়মে বড় পরিবর্তন এনেছে কাতার। দেশটিতে পৌঁছে ভিসা পাওয়ার ক্ষেত্রে এবার অনেক সুবিধা পাবেন এই তিন দেশের নাগরিকরা।
১৪ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে কাতারি সংবাদমাধ্যম সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবার থেকে দেশটিতে যাওয়ার পরে বিনামূল্যে পর্যটন ভিসা পেতে পারবেন ভারত, পাকিস্তান ও ইরানের নাগরিকরা। প্রাথমিকভাবে এক মাসের ভিসা দেওয়া হবে। পরে সেই ভিসার সময়সীমা বাড়িয়ে ৬০ দিন করা যেতে পারে।
ভিসা পেতে হলে আগে থেকে সেখানকার কোনো হোটেলে বুকিং থাকতে হবে। নির্দিষ্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে সেই বুকিং করতে হবে। সেই সঙ্গে কাতারে যাওয়া ব্যক্তির কাছে বৈধ পাসপোর্ট ও দেশে ফেরার টিকিট থাকতে হবে। এসব নথি দেখালেই পাওয়া যাবে বিনামূল্যে ভিসা।
কাতারে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন কাতারে পা রাখার ৪৮ ঘণ্টা আগের নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট নিয়ে যেতে হবে। সে দেশের কোভিড বিধিনিষেধও মেনে চলতে হবে সবাইকে।
২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। টিকিটের দাম আইপিএলের কিছু অংশের টিকিটের থেকে কম হওয়ায় ইতোমধ্যে ভারত থেকে ভালো সাড়া পাচ্ছেন বিশ্বকাপের আয়োজকরা। সারা বিশ্বে টিকিটের চাহিদার নিরিখে ভারত রয়েছে সপ্তম স্থানে।
