ইমরান খানের মুক্তি নিয়ে যা বললেন বোন আলিমা খান
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১১:০৯ এএম
আলিমা খান ও ইমরান খান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের শিগগিরই মুক্তির সম্ভাবনা দেখছেন না তার বোন আলিমা খান। সেইসঙ্গে কীভাবে ইমরানের মুক্তি নিশ্চিত করা হয় তার জন্য দলীয় নেতৃত্বকেও সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
বুধবার (১১ জুন) ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, বিচারকরা চাপের মধ্যে আছেন এবং এটি স্পষ্টভাবে দৃশ্যমান।
তিনি বলেন, ‘আমরা বিচারকদের সঙ্গে সংহতি প্রকাশ করছি, কিন্তু তাও যথেষ্ট বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে পিটিআই প্রতিষ্ঠাতাকে আরও কয়েক মাস কারাগারে রাখার পরিকল্পনা করা হয়েছে।’
১৯০ মিলিয়ন পাউন্ডের মামলার বিষয়ে আলিমা খান বলেন, ‘ইমরানের সাজা স্থগিত করার জন্য আপিলের শুনানি এখন ২৬ জুন নির্ধারণ করা হয়েছে। তারা আমাদের বারবার বলছিলেন যে পরের সপ্তাহে আমাদের পরবর্তী তারিখ জানানো হবে, কিন্তু আমরা স্পষ্ট করে দিয়েছি যে শুনানির তারিখ না পাওয়া পর্যন্ত আমরা যাব না।’
পিটিআইয়ের আন্দোলন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইমরান আন্দোলনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। এই আন্দোলন আর থামানো যাবে না। আমাদের জন্য সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।’
গত মাসে, ইমরান খান তার দলের কর্মী এবং নেতৃত্বকে বর্তমান জোট সরকারকে বিদায় জানাতে ‘দেশব্যাপী বড় আন্দোলনের’ জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন।
আদিয়ালা কেন্দ্রীয় কারাগারের বাইরে সাংবাদিকদের আলিমা বলেন, ‘ ইমরান জনগণকে ইসলামাবাদে ডাকবেন না। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন যে এই আন্দোলন পুরো পাকিস্তান জুড়ে শুরু করা হবে।’
তবে, তিনি পিটিআই-এর আসন্ন আন্দোলনের জন্য নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা দেননি।
