টাখনুর নিচে প্যান্ট-লুঙ্গি ঝুলে থাকলে কি নামাজ শুদ্ধ হয়?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পার্থিব জীবনে ইসলামি অনুশাসন মেনে চলা একজন মুমিনের প্রধান কর্তব্য। এর মধ্যে পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে শরিয়তের কিছু সুনির্দিষ্ট সীমারেখা রয়েছে, যা লংঘন করা স্পষ্ট গুনাহের কাজ। বিশেষ করে টাখনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি বা জুব্বা ঝুলিয়ে পরা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি কবিরা গুনাহ।
টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়ার হুকুম
সাধারণ অবস্থায় এবং বিশেষভাবে নামাজরত অবস্থায় টাখনু ঢেকে প্যান্ট, পায়জামা, লুঙ্গি বা জুব্বা পরা থেকে বিরত থাকা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। তবে লক্ষণীয় বিষয় হলো, কাজটি কবিরা গুনাহ ও মারাত্মক অন্যায় হলেও এর কারণে নামাজ বাতিল বা নষ্ট হবে না; বরং ওয়াজিব তরফ বা মাকরুহ হওয়া সত্ত্বেও যথাযথ নিয়মে সালাত আদায় হয়ে যাবে।
টাখনুর নিচে কাপড় পরার বিধান ও হাদিসের হুঁশিয়ারি
সাধারণ অবস্থা হোক কিংবা নামাজের ভেতর— পোশাক টাখনুর নিচে ঝুলিয়ে পরা মারাত্মক অন্যায়। হাদিস শরিফে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
مَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ
‘লুঙ্গির (বা কাপড়ের) যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে।’ (বুখারি ৫৭৮৭)
নামাজের ভেতরে এই অপরাধের মাত্রা আরও বহুগুণ বৃদ্ধি পায়। সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হয়েছে—
أَنَّهُ رَأَى أَعْرَابِيًّا يُصَلِّي قَدْ أَسْبَلَ إِزَارَهُ، فَقَالَ: الْمُسْبِلُ إِزَارَهُ فِي الصَّلَاةِ لَيْسَ مِنَ اللهِ عَزَّ وَجَلَّ فِي حِلٍّ، وَلَا حَرَامٍ
‘তিনি এক বেদুঈনকে দেখলেন যে, সে তার লুঙ্গি (টাখনু গিরার নিচে) ঝুলিয়ে নামাজ আদায় করছে। তিনি বললেন, যে ব্যক্তি নামাজে লুঙ্গি (কাপড় টাখনুর নিচে) ঝুলিয়ে রাখে, সে যেন আল্লাহর হালাল-হারামের সীমারেখার কোনো তোয়াক্কা করল না।’ (তবারানি ৯৩৬৮)
একটি প্রচলিত ভুল ধারণা ও সংশোধনী
আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে, কাপড় টাখনুর ওপরে উঠানোর বিধান কেবল নামাজের সময়ের জন্যই নির্দিষ্ট। অনেক সময় দেখা যায়, জামাত শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মুসল্লিরা পাজামা বা প্যান্ট টাখনুর ওপর তুলে নিচ্ছেন কিংবা ইমাম সাহেবও কেবল নামাজের জন্য কাপড় ওপরে তোলার তাগিদ দিচ্ছেন। এতে অনেকের মনে এমন ধারণা জন্ম নেয় যে, বিষয়টি কেবল নামাজের সাথে সম্পৃক্ত।
প্রকৃতপক্ষে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। নামাজের ভেতরে কিংবা বাইরে— সর্বাবস্থায় পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। তাই কেবল নামাজের সময় নয়, বরং সবসময়ই শরিয়তের এই বিধান মেনে চলা জরুরি।
পোশাকের শালীনতা ও টাখনুর ওপরে তা রাখার বিধান কেবল বাহ্যিক সৌন্দর্য বা আনুষ্ঠানিকতা নয়, বরং এটি অহংকারমুক্ত জীবনের পরিচায়ক এবং আল্লাহর রাসুলের সুন্নাহর প্রতি অগাধ ভালোবাসার প্রমাণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে শরিয়তের এই অনুশাসন মেনে চলা মুমিনের ইমানি দায়িত্ব।

