খাওয়ার সময় মোবাইল দেখা কি জায়েয?
Advertisement
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এক প্রশ্নকারী জানতে চান, ভাত খাওয়ার সময় মোবাইল দেখা যাবে কি?
উত্তরে ঢাকা আজিমপুরের ইদারাতুত তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়ার মুফতী আবু সাঈদ বলেন, খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা মূলত জায়েয। শরীয়াতে খাওয়ার সময় মোবাইল দেখা সরাসরি নিষিদ্ধ হওয়ার কোনো দলিল নেই। তবে মোবাইল ব্যবহারের কারণে যদি কোনো হারাম কাজে লিপ্ত হওয়া, খাবারের অপচয়, অন্যের কষ্ট বা খাবারের আদব নষ্ট হয়, তাহলে সে অনুযায়ী বিধান পরিবর্তিত হবে। যেমন,
১. হারাম বিষয় থেকে বেঁচে থাকা
মোবাইলে অশ্লীল ছবি-ভিডিও, হারাম দৃশ্য, গীবত, মিথ্যা বা অন্য কোনো নিষিদ্ধ বিষয় দেখা থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ তাআলা বলেন,
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ
অর্থ: মুমিনদের বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে।
[সূরা আন-নূর, আয়াত: ৩০]
২. খাবারের আদব রক্ষা করা ও অপচয় থেকে বেঁচে থাকা
মোবাইলে এমনভাবে মগ্ন হওয়া যাবে না যাতে খাবারের অপচয় হয়, খাবারের প্রতি চরম অমনোযোগিতা তৈরি হয়।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا
অর্থ: তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না।
[সূরা আল-আ‘রাফ: ৩১]
হাদীসে আছে,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَقَعَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيَأْخُذْهَا فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى وَلْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ وَلاَ يَمْسَحْ يَدَهُ بِالْمِنْدِيلِ حَتَّى يَلْعَقَ أَصَابِعَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَىِّ طَعَامِهِ الْبَرَكَةُ " .
অর্থ: জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো লোকমা পড়ে গেলে সে যেন তা তুলে নেয়। অতঃপর তাতে যে ময়লা লেগেছে তা যেন দূর করে এবং খাদ্যটুকু খেয়ে ফেলে। শয়তানের জন্য যেন তা ফেলে না রাখে। আর তার আঙ্গুল চেটে না খাওয়া পর্যন্ত সে যেন তার হাত রুমাল দিয়ে মুছে না ফেলে। কেননা সে জানে না খাদ্যের কোন অংশে বরকত আছে।
[সহীহ মুসলিম, হাদীস নং: ২০৩৩]
৩. পরিবারের সঙ্গে খাওয়ার সময় পারিবারিক আদব রক্ষা করা
একসঙ্গে বসে খাওয়ার সময় এমনভাবে মোবাইলে ডুবে থাকা যাতে পারিবারিক শিষ্টাচার নষ্ট হয়। মোবাইলে মগ্ন থাকার কারণে কেউ কথা বললে তার দিকে মনোযোগ না দেওয়া বা তাকে উপেক্ষা করা হয়।
হাদীসে আছে,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي، وَإِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ
অর্থ: হযরত আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে উত্তম হল সে, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে উত্তম। তোমাদের এ সঙ্গী (অর্থাৎ আমি) যখন মারা যাবে, তার জন্য তোমরা দু'আ করবে।
[সুনানে তিরমিযী, হাদীস: ৩৮৯৫]
৪. খাওয়ার সুন্নতি আদব বজায় রাখা
খাওয়ার সময় মোবাইল ব্যবহারের কারণে যেন খাওয়ার সুন্নত ও আদব বাদ না যায়, সেদিকে খেয়াল রাখা উচিত। যেমন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, ডান হাতে খাওয়া এবং নিজের সামনে থেকে খাওয়া।
রাসূলুল্লাহ ﷺ এক বালককে উদ্দেশ্য করে বলেছেন—
يَا غُلَامُ سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ
হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছের থেকে খাও।
[সহিহ বুখারী, হাদীস: ৫৩৭৬]
খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা মূলত জায়েয। তবে মোবাইলে অনর্থক গেমস বা অশ্লীল কিছু দেখা জায়েয হবে না। একইভাবে মোবাইলে এমনভাবে মগ্ন থাকা অনুচিত যাতে খাবারের আদব ও পারিবারিক সম্প্রীতি নষ্ট হয়। তবে মাঝে মাঝে বৈধ ও উপকারী বিষয়, যেমন শিক্ষামূলক ভিডিও, দ্বীনি আলোচনা, ওয়াজ-নসীহত ইত্যাদি দেখতে বা শুনতে সমস্যা নেই।


