ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দুনিয়ার বুকে পথচলার সময় মানুষের নানান কটূক্তি, সমালোচনা কিংবা নির্মম আচরণে অনেক সময় বুক ফেটে কান্না আসে। কিন্তু সামাজিক ও পারিপার্শ্বিক বাধ্যবাধকতায় সেই ব্যথা প্রকাশ করা যায় না; মুখে কৃত্রিম হাসি ধরে রেখেই আমাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে হয়। ভেতরের এই বোবা কান্না কিংবা নীরব যন্ত্রণা অনেক সময় মানুষের ভেতরটাকে একেবারে ভেঙে দেয়। তবে মুমিনের সান্ত্বনা হলো, এই নিদারুণ মানসিক যন্ত্রণার পথ ধরেই মানুষ আল্লাহর আরও কাছাকাছি পৌঁছাতে পারে।
এমন মানসিক কষ্টের মুখোমুখি হতে হয়েছিল খোদ বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কেও। নবুয়তের পর দীর্ঘ ১৩ বছর মক্কার কাফেরদের নানা কটূকথা, অপবাদ ও রূঢ় আচরণ তাকে তীব্র কষ্ট দিয়েছিল। অথচ নবুয়তের আগের ৪০টি বছর তিনি এই মানুষগুলোর সঙ্গেই কাটিয়েছিলেন এবং তখন তারা তাকে অত্যন্ত সম্মান করত। মুশরিকদের এসব কটূক্তির জবাবে বিশ্বনবী (সা.) কখনো রাগের বশে কঠোর কিছু বলতেন না, বরং ধৈর্য ধরে নীরব থাকতেন। কিন্তু মানুষের এহেন আচরণে তার পবিত্র অন্তর চৌচির ও সংকুচিত হয়ে আসত।
রাসুলুল্লাহ (সা.)-এর এই মনস্তাত্ত্বিক সংকটে স্বয়ং আল্লাহ তাআলা তাঁকে সান্ত্বনা দিয়ে এবং মনের কষ্ট দূর করার অব্যর্থ দুটি আমল শিখিয়ে পবিত্র কুরআনে ইরশাদ করেছেন। নিচে সেই আমল ও কুরআন-হাদিসের আলোকে মানসিক প্রশান্তি অর্জনের উপায়গুলো আলোচনা করা হলো—
কুরআনের শেখানো দুই কার্যকরী আমল
মানুষের কটূক্তি বা মন খারাপ করা কথায় যখন অন্তর সংকুচিত ও ভারাক্রান্ত হয়ে আসে, তখন আল্লাহ তাআলার ওপর ভরসা করে দুটি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র কুরআনের সুরা হিজরের ৯৭ ও ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন—
وَ لَقَدۡ نَعۡلَمُ اَنَّكَ یَضِیۡقُ صَدۡرُكَ بِمَا یَقُوۡلُوۡنَ فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَ كُنۡ مِّنَ السّٰجِدِیۡنَ
‘আর অবশ্যই আমি জানি যে, তারা যা বলে তাতে তোমার অন্তর সঙ্কুচিত হয়। সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাসবীহ পাঠ কর এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও।’ (সুরা হিজর: আয়াত ৯৭-৯৮)
এই আয়াতের নির্দেশনার আলোকে মনের অস্থিরতা ও কষ্ট দূর করতে যে দুটি আমল আমাদের জীবনে আঁকড়ে ধরা উচিত, তা হলো—
১. আল্লাহর জিকির ও তাসবিহ বৃদ্ধি করা
মানুষের অন্যায্য সমালোচনা, অপবাদ বা মনের অজান্তে পাওয়া আঘাতে যখন বুক ভারাক্রান্ত হয়ে ওঠে, তখন প্রথম ও অত্যন্ত কার্যকরী আমল হলো আল্লাহর জিকির ও তাসবিহ বাড়িয়ে দেওয়া। বেশি বেশি ‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’, ‘আল্লাহু আকবার’ কিংবা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করা। এ ছাড়া কুরআন মাজিদ খুলে যতটুকু সম্ভব তেলাওয়াত করা যেতে পারে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেছেন—
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
‘জেনে রেখো, আল্লাহর জিকির বা স্মরণ দ্বারাই কেবল অন্তরসমূহ শান্ত হয়।’ (সুরা আর-রাদ: আয়াত ২৮)
নিয়মিত জিকির ও কুরআন তেলাওয়াত মানুষের অন্তর থেকে সমস্ত হতাশা ও ভার দূর করে বুকটাকে এক অপূর্ব প্রশান্তিতে ভরিয়ে দেয়।
২. দীর্ঘ সেজদায় অবনমিত হওয়া
মানসিক যন্ত্রণা ও অস্থিরতা দূর করার আরেকটি অতুলনীয় মাধ্যম হলো সালাত বা নামাজ এবং দীর্ঘ সেজদা। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ঠিক এমন পরিস্থিতিতেই সেজদা করার নির্দেশ দিয়েছেন। পার্থিব কোনো জটিলতা, মানুষের রূঢ় আচরণ বা চরম সংকটে যখন আপনি দিশেহারা, তখন একান্ত গোপনে বা নির্জনে কয়েক রাকাত নফল নামাজ আদায় করুন এবং সেজদায় গিয়ে দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করুন।
হাদিস শরিফেও সেজদার গুরুত্ব সম্পর্কে চমৎকার নির্দেশনা রয়েছে। হজরত রাবিআহ বিন কালাম (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) তাকে উদ্দেশ্য করে এরশাদ করেছিলেন—
فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ
‘অধিক পরিমাণে সিজদার মাধ্যমে তুমি তোমার নিজের বিপদের বিপরীতে আমাকে সহযোগিতা করো।’ (মুসলিম ৪৮৯)
অর্থাৎ, জীবনের কঠিন মুহূর্তে সিজদার মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি চলে গেলে বান্দা শত কষ্টের মাঝেও হৃদয়ে এক অনাবিল প্রশান্তি ও নতুন শক্তি অর্জন করতে পারে।
দুনিয়া মানুষের জন্য পরীক্ষাগার। এখানে মানুষের ভুলত্রুটি, কটূক্তি ও মানসিক আঘাত আসতেই পারে। কিন্তু মুমিন হিসেবে আমাদের মন খারাপের মেঘ জমলে ভেঙে না পড়ে নববি সুন্নত ও কুরআনের দেখানো এই দুটি পথ আঁকড়ে ধরা উচিত। জিকিরের স্নিগ্ধতা ও সেজদার বিনম্রতায় নিজেকে সঁপে দিলে আল্লাহ তাআলা নিমিষেই হৃদয়ের সমস্ত ভার ও কষ্ট হালকা করে দেবেন, ইনশাআল্লাহ।

